নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভোটের আগে ভেট। ১০ হাজার টাকা! ভোট মিটতেই কাঁচকলা দেখায় বিজেপি। বৃহস্পতিবার শিলিগুড়িতে পদ্ম শিবিরের বিরুদ্ধে এমন তোপ দাগেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একই সঙ্গে তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করে তৃণমূল কংগ্রেস। যা প্রতিশ্রুতি দেওয়া হয়, তা পালন করা হয়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সারা বছর পান মহিলারা। তাই চতুর্থ বারের জন্য বাংলায় হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাল্টা বিজেপির মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, পায়ের তলার জমি নড়বড়ে হয়েছে। তাই আবলতাবল বকছেন পুরমন্ত্রী।
কিছুদিন আগে শিলিগুড়ি পুরসভার ৭৫তম বর্ষপূর্তি ভবনের উদ্বোধন করা হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি মন্ত্রী। এদিন ওই ভবনে সভা করেন পুরমন্ত্রী। তিনি শহরের বদলে যাওয়া রূপ, নাগরিক পরিষেবার মান প্রভৃতির প্রশংসা করেন। পরে ভবনের প্রেসকর্নারে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য কোনো কাজ করি না। বিজেপি নির্বাচনের আগে এলাকায় বারে বারে আসবে। ১০ হাজার টাকা করে দেবে। ভোট মিটতেই কাঁচকলা দেখাবে। আমরা সেই রাজনীতি করি না।
লক্ষ্মীর ভাণ্ডারের কথা উল্লেখ করে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সারা বছর মানুষের জন্য কাজ করছি। আমাদের মুখ্যমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন, তা পালন করেন। ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের কথা ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পের টাকা সারা বছর ধরে পাচ্ছেন মহিলারা। এবার সেই প্রকল্পের টাকা বাড়িয়ে ১৫০০ ও ১৭০০ করা হয়েছে।



