Bartaman Logo
১০ জুন, ২০২৬

রাজ্যে অন্তত ১৫০ আসনেই দুর্বলতা, অভ্যন্তরীণ রিপোর্টে জানাল বিজেপি

বিধানসভা ভোট যখন আক্ষরিক অর্থেই দোরগোড়ায় কড়া নাড়ছে, তখন বঙ্গ বিজেপির ঘুম উড়েছে রাজ্যে তাদের ‘দুর্বল’ আসন নিয়ে

রাজ্যে অন্তত ১৫০ আসনেই দুর্বলতা, অভ্যন্তরীণ রিপোর্টে জানাল বিজেপি
  • ১ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিধানসভা ভোট যখন আক্ষরিক অর্থেই দোরগোড়ায় কড়া নাড়ছে, তখন বঙ্গ বিজেপির ঘুম উড়েছে রাজ্যে তাদের ‘দুর্বল’ আসন নিয়ে। ভোটের আগে রাজ্যে ‘দুর্বল’ আসনের খোঁজ শুরু করেছে মরিয়া বিজেপি। জানা যাচ্ছে যে, বাংলার মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে কমবেশি ১৫০টি কেন্দ্রেই বিজেপির সাংগঠনিক পরিস্থিতি বিশেষ সুবিধাজনক নয়। বিশেষ করে কলকাতা এবং শহরতলিতে পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমনকি দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলেও দলের সাংগঠনিক পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। রাজনৈতিক সূত্রের দাবি, একাধিক দলীয় মূল্যায়নেই সামগ্রিক বিষয় স্পষ্ট হয়েছে। এপ্রেক্ষিতে আজ, রবিবার থেকেই রাজ্যে বিজেপির রাজনৈতিক এবং কার্যত নির্বাচনি কর্মসূচি ‘পরিবর্তন যাত্রা’ শুরু হচ্ছে। উদ্বোধনী কর্মসূচিতে কেন্দ্রের শীর্ষ নেতামন্ত্রীদের উপস্থিত থাকার কথা। বিজেপির অন্দরের খবর, এহেন ‘পরিবর্তন যাত্রা’র ফাঁকেই ‘দুর্বল’ আসন সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে চাইছে দলের শীর্ষ কেন্দ্রীয় পার্টি। আর সেইমতোই বিজেপির বঙ্গ ব্রিগেডের কাছে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতৃত্বের একটি অংশ একপ্রকার সাফাই দিয়ে বলছেন, যে রাজ্যে দল ক্ষমতায় রয়েছে, সেখানেও সব আসনেই সম্ভাব্য জয়ের দাবি করতে পারা যায় না। আর বাংলায় তো বিজেপি শাসক দলও নয়। কাজেই এই রাজ্যে যে সবক’টি আসনেই দলের সাংগঠনিক পরিস্থিতি একইরকম থাকবে, তা মোটেও নয়। কোনো দলের ক্ষেত্রেই তা হয় না। যেসব আসনে দল কিছুটা পিছিয়ে রয়েছে, সেগুলি চিহ্নিত করে যথাযথ প্রস্তুতি নেওয়াই আসল। গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপি আদতে সেটিই করতে চাইছে। 

Advertisement

তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, দলীয় মূল্যায়ন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রধানত দলের উত্তরবঙ্গ সংগঠনের উপর ভর করেই মাসকয়েকের মধ্যে বাংলায় ভোটযুদ্ধে ঝাঁপাতে হবে বিজেপিকে। দলের স্লোগান হল, ছাব্বিশের নির্বাচন, তৃণমূলের বিসর্জন। কিন্তু অপেক্ষাকৃত ‘দুর্বল’ আসনকে শক্তিশালী করে তুলতে না পারলে লক্ষ্যমাত্রায় পৌঁছানো তো দূর, নদীর পাড় পর্যন্তও পৌঁছনো যাবে না। বিষয়টি বিলক্ষণ জানেন দলীয় নেতৃত্ব। ফলে আপাতত এটিই বিজেপির অন্যতম প্রধান মাথাব্যথার কারণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ