নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার নামে কুৎসা করতে গিয়ে সামাজিক মাধ্যমে ফের ভুল ছবি পোস্টের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, গুজরাতের একটি হাসপাতালের ছবিকে বাংলার বলে চালাতে গিয়ে বিজেপিরই মুখ পুড়েছে। এনিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিযোগ, ফেসবুক পেজে বঙ্গ বিজেপির একটি পোস্টে বাংলার সরকারি হাসপাতালের ‘বেহাল দশা’ তুলে ধরা হয়। পাশাপাশি দেখানো হয় চিকিৎসা করাতে অভিষেক নিজেই ছুটছেন বিদেশে! এরপরই তথ্যসহ তৃণমূলের পালটা দাবি, বাংলাকে কুৎসা করতেই বিজেপির এই ভুয়ো পোস্ট। তাদের তরফে প্রচারিত মর্মান্তিক ছবিটি আসলে গুজরাতের এবং ২০১৯ সালের। পাশাপাশি ভারতবাসীর ভোটাধিকার সংক্রান্ত অমিত শাহের একটি মন্তব্য নিয়েও তৃণমূল পালটা প্রতিক্রিয়া জানিয়েছে। তৃণমূলের আরও বক্তব্য, নাগরিকত্বের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সমগ্র মতুয়া সম্প্রদায়কে প্রতারিত করেছে বিজেপি। এসআইআর আসলে এনআরসিরই একটি বিকল্প রূপ।