নিজস্ব প্রতিনিধি, মালদহ: হকার বসানো ঘিরে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সম্প্রতি মালদহ টাউন স্টেশন চত্বর থেকে হকারদের সরিয়ে দেওয়া হয় রেলের তরফে। পুজোর মরশুমে রুটি-রুজির কথা মাথায় রেখে স্টেশন চত্বরে কিছু হকারকে বসানোর দাবি নিয়ে সোমবার মালদহ টাউন স্টেশনে আসেন এমপি।
অভিযোগ, ডিআরএম জানিয়ে দেন, রেলের জায়গা দখল করে কোনো হকার বসতে দেওয়া হবে না। এতেই চটে যান বিজেপি সাংসদ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সাংসদ বলেন, ৩০ বছর ধরে রেলের জায়গায় হকাররা ব্যবসা করলেন। তখন রেল আধিকারিকদের কোনো হুঁশ ছিল না। বিধানসভা ভোটের ফল ঘোষণার পরই রেলের জমি থেকে হকারদের সরিয়ে দেওয়া হল। তাঁদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি।
এমপির দাবি, যাঁদের জন্য এদিন তিনি রেলের কাছে আবেদন জানাতে এসেছিলেন, তাঁরা সন্ধ্যায় ঠেলা গাড়িতে কিছু পসরা নিয়ে বসবেন। সকালে বাড়ি চলে যাবেন। স্টেশনের বাইরে একপাশে তাঁরা বসবেন। এতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু ডিআরএম যেভাবে তাঁর আবেদন নাকচ করে দিয়েছেন, তাঁর মোটেই ভালো লাগেনি। বিষয়টি তিনি রেলের উপর মহলে জানিয়েছেন।
পূর্ব রেলের মালদহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক সুকান্ত মণ্ডল বলেন, সাংসদ এসেছিলেন। ডিআরএমের সঙ্গে কথা হয়েছে। রেলের জায়গা দখল করে কাউকে ব্যবসা করতে দেওয়া বেআইনি। স্টেশন চত্বর দখল করে হকার বসলে রাজ্য সরকারেরও দায়বদ্ধতা থেকে যায়। তবে বিষয়টি নিয়ে এমপির সঙ্গে ডিআরএমের নিশ্চয়ই ফের কথা হবে। মালদহ টাউন স্টেশন চত্বরে বিজেপি সাংসদ খগেন মুর্মু।-নিজস্ব চিত্র