সংবাদদাতা, গঙ্গারামপুর: রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের বাড়িতে বিজেপি বিধায়ক সত্যেন রায়! তৃণমূল বিধায়কের বাড়িতে পদ্ম বিধায়ক যেতেই গুঞ্জন জেলার রাজনৈতিক মহলে।
সংবাদদাতা, গঙ্গারামপুর: রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের বাড়িতে বিজেপি বিধায়ক সত্যেন রায়! তৃণমূল বিধায়কের বাড়িতে পদ্ম বিধায়ক যেতেই গুঞ্জন জেলার রাজনৈতিক মহলে।
বৃহস্পতিবার ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লবের গঙ্গারামপুরের বাড়িতে হাজির হন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়। পদ্ম বিধায়ককে মন্ত্রীর বাড়ি যেতে দেখে অনেকেই অবাক হয়েছেন।
শহরের অনেকেরই মনে হয়েছে, শুধুই কি সৌজন্য সাক্ষাৎ? নাকি অন্য কোনও কারণ? যদিও সত্যেনের দাবি,বিপ্লববাবুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই আসা। মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। কথাও হয় দীর্ঘক্ষণ। বিপ্লব অবশ্য পদ্ম বিধায়কের সঙ্গে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, আমার সঙ্গে সত্যেনবাবুর দেখাই হয়নি। শুনেছি বাণগড়ে শিলান্যাস অনুষ্ঠানে থাকার জন্য বাড়িতে একটি আমন্ত্রণপত্র দিয়েছেন। জানা গিয়েছে, আগামী ৩০ মার্চ গঙ্গারামপুরে বাণগড় পর্যটন কেন্দ্রের কাজের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করতে মন্ত্রী বিপ্লবের বাড়ি গিয়েছিলেন সত্যেন।
মন্ত্রীর বাড়িতে যাওয়া ও দেখা করা নিতান্তই সৌজন্যমূলক বলে দাবি করেছেন পদ্ম বিধায়ক। সম্প্রতি বিজেপির মণ্ডল সভাপতি গঠন নিয়ে দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করেছিলেন সত্যেন। এরই মধ্যে বিপ্লবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জল্পনা ছড়িয়েছে।
যদিও সত্যেনের বক্তব্য, আমাদের গঙ্গারামপুর তথা জেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার উদ্যোগে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার আর্থিক বরাদ্দে বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। আগামী ৩০ মার্চ শিলান্যাস অনুষ্ঠান হবে। সেখানে থাকার জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। পদ্ম বিধায়কের দাবি, এর বাইরে আমাদের অন্য কোনও কথা হয়নি। আমি চাই জেলার উন্নয়ন হোক কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায়। এর পিছনে আর কোনও উদ্দেশ্য নেই।
এদিকে, পদ্ম বিধায়কের সঙ্গে বাড়িতে দেখা হয়নি বলে দাবি বিপ্লবের। তিনি বলেছেন, আমি বাড়িতে ছিলাম না। ইফতার পার্টিতে এলাহাবাদ এলাকায় ছিলাম। আমার সঙ্গে বিধায়ক সত্যেন রায়ের দেখা হয়নি। শুনেছি বাণগড়ে শিলান্যাস অনুষ্ঠানে থাকার জন্য বাড়িতে একটি আমন্ত্রণপত্র দিয়েছেন।