নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন পর নির্বাচন হল টলিপাড়ায়। স্বরূপ বিশ্বাসের পর ফেডারেশনের সভাপতি কে হবেন সে দিকে তাকিয়ে গোটা রাজ্য। রবিবার ভোটগ্রহণ শেষে হবে গণনা। তারপর জানা যাবে কে হলেন ফেডারেশনের নয়া সভাপতি। এবং কারা এলেন ২৬টি গিল্ডের সভাপতি পদে। যদিও শনিবার রাতেই জানা গিয়েছে, ক্যাট ওয়াক ও মেক আপ গিল্ডের গণনা শেষ হয়ে গিয়েছে। শনিবার সকাল ১০টা থেকে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয় টেকনিশিয়ান স্টুডিয়ো ও এন টি ওয়ান স্টুডিয়োতে। টলিউডের ২৬টি গিল্ড অংশ নেয়। দু’দিন ধরে চলছে ভোট। কড়া নিরাপত্তায় প্রথমদিনের ভোটগ্রহণ হয়েছে শনিবার। দু’দিন ব্যাপী নির্বাচন চলছে। শেষ হবে আজ, রবিবার। পুলিশের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। ছিল সিসি ক্যামেরার নজরদারিও। ভোটার, প্রার্থী ও কমিশনার ছাড়া কাউকে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। নির্বাচনের জন্য শনি ও রবিবার শ্যুটিং বন্ধ টলিপাড়ায়।
শনিবার সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ভোটপ্রক্রিয়া দেখেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি টলিউডের ভোটের তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করছেন। মিঠুন বলেন, ‘ভোটের পর টলিউডের ছবিটা বদলে যাবে।’ তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। জানা গিয়েছে, যে সব প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে দু’দিনের মধ্যেই। অন্যদিকে প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ও টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। পাপিয়াদেবী বলেছেন, ‘প্রার্থী নির্বাচন কতটা স্বচ্ছভাবে হয়েছে তা নিয়ে আমার সংশয় আছে।’ এর পাশাপাশি পাপিয়া ঘনিষ্ঠদের অভিযোগ, ‘স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠরাই প্রার্থী হয়েছেন।’
এছাড়া এদিন পাপিয়াদেবী আরও বলেছেন, ‘আগে লক্ষাধিক টাকা দিয়ে গিল্ডের কার্ড পাওয়া যেত। ফলে যোগ্য মানুষ কার্ড পেতেন না। তাঁদের কাজ পেতেও সমস্যা হত। মিঠুন দা আমাদের কথা দিয়েছেন যোগ্যদের কাজের অভাব হবে না বলে। সিনিয়র শিল্পী, কলাকুশলীরা আগে কাজ পেতেন না। এবার তাঁরা কাজ পাবেন। ব্যান সংস্কৃতি শব্দটাই ব্যান করা হবে।’ বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেছেন, ‘পাপিয়াদির আশঙ্কার কারণ রয়েছে। তৃণমূল আমলে অরাজকতার আবহ রচনা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। যে যাঁর নিজের ভোট দিয়েছেন। স্বচ্ছভাবে সবকিছু হয়েছে। আগে তো এসএমএসে নির্বাচন হত। লেবার কমিশনের নিয়ম মেনে হয়েছে ভোট।’



