নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। অথচ তার আগে একটিমাত্র বিধানসভা আসনের উপনির্বাচনেও ভালো ফল করতে ব্যর্থ বিজেপি। বাংলায় বারবার কেন এমন হতাশাজনক ফলাফল? এবার বঙ্গ বিজেপির কাছে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার দলীয় সূত্রে এই খবর জানা গিয়েছে। যদিও বিজেপির অন্দরে ব্যাখ্যা দেওয়া হয়েছে, রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে যে তারা উঠে এসেছে, তাতে আর কোনও দ্বিমত নেই। তাছাড়া যে-কোনও রাজ্যের উপনির্বাচনেই সংশ্লিষ্ট শাসক দল কিছুটা ভালো অবস্থানে থাকে। তবে বঙ্গ বিজেপির ব্যাখ্যা যাই হোক না কেন, তাকে বিশেষ আমল দিতে রাজি নয় কেন্দ্রীয় পার্টি। তাদের সাফ প্রশ্ন, সেক্ষেত্রে গুজরাতে ফল অন্যরকম হল কীভাবে? দলীয় সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনের আগেই দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে বঙ্গ বিজেপির কোর টিমকে। একপ্রস্থ আলোচনা হতে পারে।



