Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেত্রীকে মারধর, বাগদায় ধৃত তৃণমূল নেত্রী

বিজেপি সম্পর্কে কটূক্তি। তার প্রতিবাদ করলে এক বিজেপি নেত্রীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেত্রীর বিরুদ্ধে।

বিজেপি নেত্রীকে মারধর, বাগদায় ধৃত তৃণমূল নেত্রী
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিজেপি সম্পর্কে কটূক্তি। তার প্রতিবাদ করলে এক বিজেপি নেত্রীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম বনশ্রী সরকার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাগদা থানার চুয়াটিয়া এলাকায়। বিজেপি নেত্রীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর নাম রীতা বাগচী। তিনি বাগদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্যা। অভিযোগ, এসআইআরে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন বনশ্রী সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বাড়ি ছাড়া ছিলেন তিনি। সম্প্রতি বাড়ি ফেরেন। বৃহস্পতিবার গ্রামের এক মহিলা তাঁকে দেখতে পেয়ে টাকা ফেরত চান। অভিযুক্ত তৃণমূল নেত্রী ওই মহিলাকে গালাগালি করেন বলে খবর। তখন সেখানে যান বিজেপি নেত্রী রীতা বাগচী। অভিযোগ, রীতাকে দেখে বিজেপি সম্পর্কে কুমন্তব্য করেন বনশ্রী। প্রতিবাদ করলে রীতাকে চুলের মুঠি ধরে পাশে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ঘরে আটকে মারধর করেন বনশ্রী। রীতার চিৎকারে আশেপাশের মহিলারা ছুটে এসে ঘর থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে বাগদা হাসপাতালে নিয়ে যান। এরপর তাঁকে বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এনিয়ে বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, তৃণমূল নেতাদের সব টাকা মানুষকে ফেরত দিতে হবে। আমাদের নেত্রীকে মারধর করেছেন ওদের এক নেত্রী। বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তবে বাগদা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূল নেতা তরুণ ঘোষ বলেন, এখন তৃণমূলের কেউ কাউকে মারার ক্ষমতা রাখেন বলে আমার মনে হয় না। আমাদের ওই নেত্রীই কিছুদিন আগে ঘরছাড়া ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ