Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার উপভাষাগুলি অস্বীকার করছে বিজেপি, মালব্যকে তোপ ব্রাত্য বসুর

বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা নিয়ে বিজেপির মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্যকে একহাত নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

বাংলার উপভাষাগুলি অস্বীকার করছে বিজেপি, মালব্যকে তোপ ব্রাত্য বসুর
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলা নিয়ে বিজেপির মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্যকে একহাত নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, সিলেটের বাংলার সঙ্গে কলকাতার বাংলার অমিল তুলে ধরে অমিত মালব্য আসলে বাংলার উপভাষাগুলিকে অস্বীকার করতে চেয়েছেন। তিনি বলেন, ‘সিলেটের ভাষার সঙ্গে চট্টগ্রাম, বরিশাল বা ঢাকার ভাষারও মিল নেই। একইভাবে কলকাতায় প্রচলিত কৃষ্ণনাগরিক উচ্চারণের বাংলার থেকে বাঁকুড়া বা পুরুলিয়ার ভাষা আলাদা। এগুলি সবই উপভাষা অথবা ডায়ালেক্ট। সবক’টি ভাষারই ‘মা’ হল বাংলা। হিন্দিও বিভিন্ন ডায়ালেক্টে পরিপূর্ণ। ভোজপুরি, মৈথিলি, বুন্দেলখন্ডি, পাঞ্চালী, মাগধীর মতো ডায়ালেক্টের সঙ্গে বর্তমানে সরকারিভাবে প্রচলিত হিন্দির ফারাক বিস্তর। তাই বলে কি হিন্দি বলে কোনও ভাষা নেই বলা হবে?’ তাৎপর্যপূর্ণভাবে অমিত মালব্যের পদবির উৎস টেনেও মন্তব্য করেছেন ব্রাত্য। তিনি জানান, মালব্য পদবিটি এসেছে মালব থেকে। আর মালব ছিল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ নিয়ে গঠিত যুক্তপ্রদেশের একটি অঞ্চল। সেখানকার রাজা দেবগুপ্ত বাংলার রাজা শশাঙ্কর কাছে পরাজিত হয়েছিলেন। শিক্ষামন্ত্রীর কথায়, ‘বাংলা ভাষাকে ছোট করার যে চক্রান্ত বিজেপি করছে, তা বাঙালিরা ধরে ফেলেছে। ভোটেও শশাঙ্কর বাঙালির কাছে পরাস্ত হবে দেবগুপ্তদের মালব্যরা অর্থাৎ বিজেপি।’

Advertisement

এদিকে, ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেদিনের কর্মসূচি বাংলা ভাষা বাঁচানোর আন্দোলনে পরিণত হতে চলেছে। সোমবার টিটাগড়ে দলীয় কার্যালয়ে বসেছিল জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রস্তুতি বৈঠক। সেখানেই বিষয়টি জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি বলেন, ‘এবার ২৮ আগস্টের থিম বাঙালি ও বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ। অতীতের সমস্ত ছাত্র সমাবেশকে ছাপিয়ে যাবে এবারের জমায়েত।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ