Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অসহযোগিতা ও হেনস্তা করছে বিজেপি, মহকুমা শাসকের কাছে অভিযোগ প্রধানের

বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতি পদক্ষেপে অসহযোগিতা ও নানাভাবে হেনস্তার অভিযোগ আনলেন বাগদার বয়রা পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডল

অসহযোগিতা ও হেনস্তা করছে বিজেপি, মহকুমা শাসকের কাছে অভিযোগ প্রধানের
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিজেপির স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতি পদক্ষেপে অসহযোগিতা ও নানাভাবে হেনস্তার অভিযোগ আনলেন বাগদার বয়রা পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডল। মঙ্গলবার বনগাঁর মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে পঞ্চায়েতের একাধিক তৃণমূল সদস্য বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন। পঞ্চায়েত প্রধান সুষমাদেবীর অভিযোগ, এলাকার কিছু বিজেপি নেতা-কর্মী পঞ্চায়েত অফিসে এসে দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করছেন। সঠিকভাবে পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে বাধা পড়ছে। তিনি বলেন, ‘রাজ্যে পালাবদলের পর থেকে পঞ্চায়েতে নানাভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে। পঞ্চায়েত অফিসকে একপ্রকার দলীয় কার্যালয় করে ফেলেছেন বিজেপি কর্মীরা। আমি কাজ করতে পারছি না। বিষয়টি মহকুমা শাসককে লিখিত আকারে জানিয়েছি।’ মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বাগদা ব্লকের বয়রা পঞ্চায়েতে মোট আসন ২৮টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৬ আসনে জয়ী হয়েছিল। বিজেপি পেয়েছিল ৮ টি আসন। বাকি চারটি আসন বাম ও কংগ্রেসের দখলে ছিল। পরবর্তীতে চার বাম ও কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। প্রধান হন তৃণমূলের সুষমা মণ্ডল। যদিও প্রধানের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। তিনি বলেন, ‘তৃণমূল নেতাদের গলা পর্যন্ত দুর্নীতি। এখন সাধারণ মানুষের হাত থেকে বাঁচতে বিজেপির নামে মিথ্যা অভিযোগ আনছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ