Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপিতে দলীয় কোন্দল চরমে, জেলা সভাপতির নাম ঠিক করতে পারল না দল

নিজেদের ‘প্রিয় নেতাকে’ জেলা সভাপতি হিসেবে দেখতে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন নেতা-কর্মীরা।

বিজেপিতে দলীয় কোন্দল চরমে, জেলা সভাপতির নাম ঠিক করতে পারল না দল
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সকলেই অপেক্ষার প্রহর গুনছিলেন। নিজেদের ‘প্রিয় নেতাকে’ জেলা সভাপতি হিসেবে দেখতে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন নেতা-কর্মীরা। কিন্তু বিজেপির একাধিক সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা হলেও, বাদ পড়ল পশ্চিম মেদিনীপুর জেলা। আর এতেই হতাশ জেলা বিজেপির নেতা-কর্মীরা। কবে নতুন জেলা সভাপতি ঘোষণা হবে, তাও নির্দিষ্টভাবে বলতেই পারছে না জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির নেতাদের কথায়, এখন ধৈর্য্য ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। এই সময় নেতা-কর্মীদের দিশা দেখানোর কেউ নেই। এছাড়া কোনও কর্মসূচি শুরু করা যাচ্ছে না। এর সুযোগ নিচ্ছে তৃণমূল। ২০২৬ সালের বিধানসভা ভোটের আর বেশিদিন নেই। জেলার বিভিন্ন প্রান্তে ঘাসফুল শিবির নানা কর্মসূচি পালন করতে শুরু করেছে। সেখানে বিজেপি নেতা খুঁজতেই হিমশিম খাচ্ছে।

Advertisement

জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, আমাদের দলে সাংগঠনিক কাঠামো রয়েছে। তৃণমূলের মতো নয়। ওই দলে যিনি বেশি তোলা তুলতে পারেন, তিনিই পদ পান। দল সঠিক সময়ে নাম ঘোষণা করবে।
প্রসঙ্গত, ২০১৮-১৯ সালে বিজেপি কিছুটা সুদিনের মুখ দেখেছিল। গ্রামীণ এলাকার পাশাপাশি শহর এলাকাতেও ভোটের পরিমাণও বেড়েছিল গেরুয়া শিবিরের। এরফলে বিজেপি নেতৃত্বের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। বেশিরভাগ বিজেপি নেতাই মনে করেছিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয় শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল। নেতৃত্বের একের পর এক ভুল সিদ্ধান্তে বিধানসভা নির্বাচনে হেরে যায় পদ্ম-বাহিনী। পরে পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন কিংবা গত লোকসভা নির্বাচনেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। এর অন্যতম কারণ সাংগঠনিক দুর্বলতা। এছাড়া উচ্চ নেতৃত্বের স্তরে তুমুল কোন্দল ছিল অন্যতম কারণ। তার কুপ্রভাব পড়েছিল পশ্চিম মেদিনীপুর জেলাতেও। বর্তমানেও সেই কোন্দল বিরাজমান। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে বিজেপির দু’টি সাংগঠনিক জেলা রয়েছে। মেদিনীপুর ও ঘাটাল দু’টি সাংগঠনিক জেলায় এখনও জেলা সভাপতির নাম ঘোষণা হয়নি। জেলা সভাপতি পদে বসার জন্য জেলাজুড়ে একাধিক নাম উঠে এলেও এখনও সিদ্ধান্তই নিতে পারছে না উচ্চ নেতৃত্ব। কারণ দুই সাংগঠনিক জেলায় একাধিক গোষ্ঠী রয়েছে। প্রতিটি গোষ্ঠীই চাইছে তাঁদের মধ্য থেকে কেউ জেলা সভাপতি পদে বসুন। 
বিজেপির এক নেতা বলেন, সভাপতির নাম দ্রুত ঘোষণা করার প্রয়োজন রয়েছে। দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকরা সেভাবে আসছেন না। হতাশা গ্রাস করছে কর্মী-সমর্থকদের। প্রতিটি বুথ এলাকায় মাঠে নামতে পারছে না নেতারা। এরফলে সাংগঠনিক দুর্বলতা আরও বেড়ে যাচ্ছে। এনিয়ে কটাক্ষের সুর তৃণমূলের অন্দরে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ রফিক বলেন, বিজেপির কে জেলা সভাপতি হলেন, তাতে সাধারণ মানুষের কোনও লাভ নেই। মানুষের জন্য তো আর কিছু করবে না। দলটা ধর্ম নিয়ে খেলা আর গোষ্ঠীকোন্দল করতে করতেই শেষ হবে। সামনের বিধানসভা নির্বাচনে ওদের খুঁজেই পাওয়া যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ