নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়াকে ঘিরে বিরোধীদের আন্দোলনের পালটা জবাব দিতে পথে নামল বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার হাওড়ায় মহামিছিল করল গেরুয়া শিবির। তবে এই কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব শুধু এসআইআরের পালটা প্রচারেই সীমাবদ্ধ নয়, আসন্ন হাওড়া পুরসভা ভোটের আগে কয়েক হাজার কর্মী-সমর্থককে এক ছাতার তলায় এনে চাঙ্গা করার পাশাপাশি শক্তি প্রদর্শনের অন্যতম দাওয়াই হিসাবেও এই মিছিলকে দেখছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির এই কর্মসূচির জেরে শহরের বিস্তীর্ণ অংশে যানজটে নাকাল হতে হয়েছে নিত্যযাত্রীদের। মঙ্গলবার বেলা ২টোর পর শিবপুরের কাজিপাড়া থেকে মিছিল শুরু হয়। জি টি রোড ধরে দীর্ঘপথ অতিক্রম করে হাওড়া ময়দানে এসে শেষ হয় তা। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লবকুমার দেব, লকেট চট্টোপাধ্যায় সহ হাওড়া ও হুগলি জেলার একাধিক নেতা। দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে কয়েক হাজার কর্মী-সমর্থক মিছিলে পা মেলান। বিজেপির অভিযোগ, কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিকরা এসআইআর নিয়ে অপপ্রচার চালিয়ে দেশে ও রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করছে, মদত দেওয়া হচ্ছে দেশবিরোধী শক্তিকে। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল। তবে রাজনৈতিক মহলের মতে, পুরসভা ভোটের আগে হাওড়ায় নিজেদের সাংগঠনিক শক্তি কতটা রয়েছে, তা যাচাই করারও সুযোগ পেয়েছে নেতৃত্ব। হাওড়া পুরসভায় নির্বাচিত বোর্ড নেই দীর্ঘদিন। সেই ভোটের প্রস্তুতি ঘিরে যখন রাজনৈতিক দলগুলির তৎপরতা বাড়ছে, তখন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে কর্মীদের উজ্জীবিত করাই বিজেপির অন্যতম লক্ষ্য।
এদিকে, মিছিলের জেরে এদিন বেলা থেকেই জি টি রোডে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস ঘুরিয়ে দেওয়া হয় ফোরশোর রোড দিয়ে। ফলে হাওড়া স্টেশন ও কলকাতাগামী বাস ধরতে গিয়ে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় বিদ্যাসাগর সেতুতেও তীব্র যানজট তৈরি হয়। তার প্রভাব ছড়িয়ে পড়ে আন্দুল রোডের বকুলতলা পর্যন্ত। হাওড়া ময়দান চত্বরেও বিপুল জমায়েতের জেরে যাতায়াতে সমস্যা হয়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শহরবাসীর কাছে এদিন বড়ো সমস্যা হয়ে দাঁড়ায় যানজট ও বাসের অনিয়মিত চলাচল।



