Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

দক্ষিণে আরও কোণঠাসা বিজেপি! নতুন দল গঠনের পথে প্রাক্তন পদ্ম-সভাপতি

বিজেপির একাধিক সিদ্ধান্ত পছন্দ হয়নি। সেই নিয়ে সরবও হয়েছেন। শোনা যাচ্ছে, নতুন দল গড়ার সিদ্ধান্তও নিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই।

দক্ষিণে আরও কোণঠাসা বিজেপি! নতুন দল গঠনের পথে প্রাক্তন পদ্ম-সভাপতি
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: বিজেপির একাধিক সিদ্ধান্ত পছন্দ হয়নি। সেই নিয়ে সরবও হয়েছেন। শোনা যাচ্ছে, নতুন দল গড়ার সিদ্ধান্তও নিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর সমর্থকরা নতুন দলের নাম ও প্রতীকের ছবি প্রকাশ করতে শুরু করেছে। জল্পনা সত্যি হলে, চলতি মাসেই নতুন দল ঘোষণা করতে পারেন আন্নামালাই।

Advertisement

২০২৬ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এআইএডিএমকের সঙ্গে জোট পুনরুজ্জীবিত করে বিজেপি। দলের সেই সিদ্ধান্ত মানতে পারেননি আন্নামালাই। যদিও দলীয় নেতৃত্বের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ভোটের আগে এনডিএ-র হয়ে জোরদার প্রচার চালান। কিন্তু তাতে লাভের লাভ হয়নি। বিজয় ঝড়ে পাত্তাই পায়নি পদ্মশিবির। জয় মিলেছে মাত্র একটি আসনে। এই আবহে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি আন্নামালাইয়ের নতুন রাজনৈতিক দল গড়ার জল্পনা বেশ জোরদার হয়েছে। জল্পনা আরও উসকে দিয়েছে অন্নামালাইয়ের সাম্প্রতিক কয়েকটি অবস্থান। চলতি শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য সিবিএসই-র তিন-ভাষা নীতি চালুর সিদ্ধান্তের প্রকাশ্যে সমালোচনা করেন তিনি। এছাড়া রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের নজরে এসেছে যে, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়েও তিনি সমাজ মাধ্যমে কোনো পোস্ট করেননি। এই সমস্ত কারণই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি করার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। যদিও এই জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির এক শীর্ষ নেতা। তাঁর বক্তব্য, আন্নামালাই বিজেপি ছাড়ছেন বা নতুন দল গঠন করছেন—এমন কোনো তথ্য দলের কাছে নেই। দলীয় সূত্রে দাবি, বিক্ষুব্ধ এই নেতাকে শীঘ্রই জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ