Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি জেলা সভাপতির বাড়িতে হামলা, গ্রেপ্তার দলের যুব নেতা

বিজেপি জেলা সভাপতির বাড়িতে হামলা, গ্রেপ্তার দলের যুব নেতা
  • ২৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরে বিজেপি নেতার বাড়ি হামলার ঘটনায় গ্রেপ্তার ওই দলেরই এক যুব নেতা। ধৃতের নাম অরিশ্বর মাইতি ওরফে জিৎ। ‘বিজেপি পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তা পূরণ করেনি বলেই হামলা,’ পুলিস সূত্রে জানা গিয়েছে, জেরায় এ কথা জানান জিৎ। এই ঘটনায় ফের বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে রাজনৈতিক মহলের মত। 

Advertisement

জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোতদারের বাড়ি দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছিল। সোনারপুর থানা অভিযুক্তকে শুক্রবার রাতে ধরে। তবে ঘটনায় জড়িত তিনজন এখনও পলাতক। তাঁদের নাম পেয়ে গিয়েছেন তদন্তকারীরা। সাংগঠনিক জেলাগুলির মণ্ডল সভাপতি পদে নতুন মুখ আনার কথা হচ্ছিল। সে সময়  জিৎকে পদ দেওয়ার কথা হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অন্য কাউকে সে পদে আনা হয়। প্রতিশ্রুতি ভঙ্গের এই ঘটনা মেনে নিতে পারেননি যুবনেতা জিৎ। তাই কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে ১৮ এপ্রিল গভীর রাতে মনোরঞ্জনবাবুর বাড়ি ইট ছোড়েন। বাড়িটির একাধিক কাচ ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পড়ে বিজেপি সভাপতির পরিবার। রাতে থানায় অভিযোগ দায়ের করেন মনোরঞ্জনবাবু। পুলিস তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে। তবে তাতে খুব বেশি কিছু স্পষ্ট হয়নি। এরপর আশপাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে জিৎকে চিহ্নিত করা হয়। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে। অন্যদিকে ধৃত তাদের দলের কেউ নয় বলে স্পষ্ট জানিয়েছেন মনোরঞ্জনবাবু। তিনি বলেন, ‘ওরা দুষ্কৃতী। আমাদের দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।’ তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন হয়েছে তা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আজ প্রমাণ হল।

Advertisement
সম্পর্কিত সংবাদ