Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিবপুরে বিজেপি প্রার্থীর ‘অভিনয়’ বনাম তৃণমূলের চিকিৎসা, তুঙ্গে নির্বাচনি প্রচার

শিবপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনি প্রচারে দুই প্রার্থীর ভিন্ন পথ নজর কাড়ছে। একদিকে নাটকীয় সংলাপ আর ভঙ্গিমায় জনসংযোগে ব্যস্ত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, অন্যদিকে প্রচারের মধ্যে চিকিৎসকের দায়িত্ব পালন করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল প্রার্থী ডক্টর রানা চট্টোপাধ্যায়। ক্রমশ স্পষ্ট হচ্ছে, চটকদার সংলাপের চেয়ে সেবাধর্ম ভোটারদের বেশি আকৃষ্ট করছে।

শিবপুরে বিজেপি প্রার্থীর ‘অভিনয়’ বনাম তৃণমূলের চিকিৎসা, তুঙ্গে নির্বাচনি প্রচার
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনি প্রচারে দুই প্রার্থীর ভিন্ন পথ নজর কাড়ছে। একদিকে নাটকীয় সংলাপ আর ভঙ্গিমায় জনসংযোগে ব্যস্ত বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, অন্যদিকে প্রচারের মধ্যে চিকিৎসকের দায়িত্ব পালন করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তৃণমূল প্রার্থী ডক্টর রানা চট্টোপাধ্যায়। ক্রমশ স্পষ্ট হচ্ছে, চটকদার সংলাপের চেয়ে সেবাধর্ম ভোটারদের বেশি আকৃষ্ট করছে।

Advertisement

রবিবার সকালে শিবপুরের ৪৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রচারে এই ছবি আরও একবার সামনে এল। কর্মী-সমর্থকদের সঙ্গে জনসংযোগের মাঝে অসুস্থ সন্তানকে কোলে নিয়ে হাজির হন এক স্থানীয় মহিলা। কয়েকদিন ধরে কাশি ও শ্বাসকষ্টে ভুগছে শিশুটি। ওষুধ চললেও তেমন সাড়া মেলেনি। প্রচারের ব্যস্ততার মধ্যে এক মুহূর্ত দেরি না করে একটি বাড়ির সামনে বসে স্টেথোস্কোপে শিশুটিকে পরীক্ষা করেন রানা চট্টোপাধ্যায়। প্রয়োজনীয় ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের নির্দেশ দেন, পরিবারের যাতে ওষুধ সংগ্রহে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে। কিছুক্ষণ পর ধাড়সা শেঠপাড়ায় একটি রক্তদান শিবিরে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের এক মহিলা কর্মী। সেখানেও পৌঁছে চিকিৎসা করতে দেখা যায় প্রার্থীকে। তিনি জানান, ‘রক্তদানের পর ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই কর্মী। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’ প্রচারের ফাঁকে এভাবে একের পর এক চিকিৎসা পরিষেবা দেওয়ার ঘটনা স্বাভাবিকভাবে নজর কাড়ছে সাধারণ মানুষের।
অন্যদিকে, বিজেপি প্রার্থীকে জলনিকাশি সমস্যাকে সামনে রেখে প্রচারে সরব হতে দেখা গিয়েছে। যদিও স্থানীয়দের একাংশের কটাক্ষ, ‘সমস্যা সমাধানের চেয়ে তার প্রদর্শনটাই যেন বেশি গুরুত্ব পাচ্ছে।’ এক আঙুল জলে গামবুট পরে দাঁড়িয়ে নাগরিক পরিষেবার সমালোচনার এই ছবি অনেকের কাছে ‘দেখনদারি রাজনীতি’র ইঙ্গিত বহন করছে। এলাকার বাসিন্দাদের কথায় উঠে আসছে এই মনোভাবের প্রতিফলন। দাশনগরের এক বাসিন্দা বলেন, ‘জল নিকাশি নিয়ে এখন অনেক কথা হচ্ছে। কিন্তু মানুষের দরকার এমন কাউকে, যিনি প্রয়োজনে পাশে দাঁড়াবেন।’ আরেকজনের সংযোজন, ‘অভিনেতার সংলাপ শুনে হাততালি দেওয়া যায়, কিন্তু অসুখ হলে দরকার পড়ে চিকিৎসকের।’
প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায় নিজেও জানিয়েছেন, প্রচারে বেরিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। বহু বাসিন্দাই শিবপুরে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার দাবি তুলছেন। সেই দাবি পূরণের আশ্বাসও দিয়েছেন তিনি। সব মিলিয়ে শিবপুরে নির্বাচনি প্রচার এখন শুধু রাজনৈতিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং তা পরিণত হয়েছে বাস্তব পরিষেবা বনাম প্রচারের উপস্থাপনার লড়াইয়ে, যেখানে মানুষের দৈনন্দিন প্রয়োজন হয়ে উঠছে মূল নির্ধারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ