৪ নভেম্বর কৃষ্ণনগরে মহামিছিলের ডাক বিজেপির
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’-এই স্লোগানকে সামনে রেখে আগামী ৪নভেম্বর কৃষ্ণনগরে মহামিছিলের ডাক দিল বিজেপি। মঙ্গলবার জেলায় দলীয় বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রবাল রাহা। তিনি জানান, ওই মিছিলে প্রায় ২০হাজার মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শহরে আড়াই থেকে তিন কিমি পথ পরিক্রমা করা হবে। তবে কোথা থেকে মিছিল শুরু হয়ে কোথায় শেষ হবে-তা এখনও জানানো হয়নি।

Advertisement

প্রবালবাবু বলেন, এদিনের বৈঠকে মূলত মহামিছিলের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাজ্যের পাঁচটি প্রান্তে এমন মহামিছিলের পরিকল্পনা হয়েছে। আগামী ২নভেম্বর কলকাতায় কর্মসূচি শুরু হবে। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা। শিলিগুড়ি, কৃষ্ণনগর, হাওড়া এবং দুর্গাপুরেও কর্মসূচি হবে। প্রতিটি কর্মসূচিতেই কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পাশাপাশি মন্ত্রী ও বিধায়করা অংশ নেবেন। গণতন্ত্রপ্রিয়, জাতীয়তাবাদী ও রাষ্ট্রবাদী মানুষকে এই পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানানো হবে।
মঙ্গলবারের বৈঠকে বিজেপির নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস, নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী সহ অন্যরা উপস্থিত ছিলেন।