Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মনীষীদের মূর্তি সংস্কার ঘিরে শোরগোল, অবরোধ বিজেপির

স্বাধীনতা দিবসের আগে উলুবেড়িয়া আমতা রাস্তার দু’পাশে থাকা মনীষীদের মূর্তি সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এই নিয়েও বিজেপি শোরগোল ফেলার চেষ্টা করে।

মনীষীদের মূর্তি সংস্কার ঘিরে শোরগোল, অবরোধ বিজেপির
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: স্বাধীনতা দিবসের আগে উলুবেড়িয়া আমতা রাস্তার দু’পাশে থাকা মনীষীদের মূর্তি সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এই নিয়েও বিজেপি শোরগোল ফেলার চেষ্টা করে। তাদের অভিযোগ, এলাকার বিধায়ক নির্মল মাজির মদতে দুষ্কৃতীরা মনীষীদের মূর্তিগুলি চুরি করেছে। এমনকী বিজেপির পক্ষ থেকে রাজাপুর থানায় বিধায়কের নামে লিখিত অভিযোগও দায়ের হয়েছে। এদিকে, বিধায়কের দাবি মূর্তিগুলি সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি প্রচারের আলোয় আসার জন্য মিথ্যা অভিযোগ করছে।

Advertisement

বেশ কয়েক বছর আগে উলুবেড়িয়া আমতা রাস্তায় রাজাপুর থানার কিছুটা দূরে ২টি যাত্রীশেডের সামনে মনীষীদের চারটি মূর্তি বসানো হয়েছিল। বৃহস্পতিবার রাতে মূর্তিগুলিকে সংস্কারের জন্য নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতে বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় আধঘন্টা পর পুলিসের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি রমেশ সাঁধুখার অভিযোগ, বিধায়কের মদতেই রাতারাতি দুষ্কৃতীরা মূর্তিগুলি চুরি করে নিয়ে গিয়েছে। থানার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে, বিধায়ক নির্মল মাজি বলেন, দীর্ঘদিন সংস্কার না করার ফলে মূর্তিগুলি অপরিষ্কার হয়ে গিয়েছিল। পাশাপাশি সেগুলির কয়েকটি জায়গা ভেঙেও গিয়েছিল। তাই সেগুলি সংস্কার করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সংস্কার হয়ে গেলেই ফের যথাস্থানে বসিয়ে দেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ