Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

বিজেপির ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে বিধানসভায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

ধর্মীয় মেরুকরণের অস্ত্রেই শান দিয়ে বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি।

বিজেপির ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে বিধানসভায় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী
  • ১২ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মীয় মেরুকরণের অস্ত্রেই শান দিয়ে বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। এমনটাই অভিযোগ রাজ্যের শাসকদলের। তাই বাংলাতে প্রথম থেকেই ধর্মীয় কার্ড খেলছে রাজ্যের বিরোধী দল। যার বিরুদ্ধে আজ, বুধবার বিধানসভায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সম্প্রদায়কে কেন্দ্র করে অপ্রীতিকর মন্তব্য করেন বিজেপির এক বিধায়ক। সেই বক্তব্যের নিন্দা জানিয়ে এদিন বিধানসভায় একটি প্রস্তাব আনে তৃণমূল। সেই প্রস্তাবের আলোচনায় বিজেপি বিধায়কের করা মন্তব্যের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানায় রাজ্যের শাসক দল। সেই আলোচনাতেই যোগ দিয়ে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মানবিকতাই সবচেয়ে বড়। মানুষের আচরণ মানুষের মতন হওয়া উচিত। এভাবে কোনও ধর্মকে অপমান করা ঠিক নয়। গতকালের বিবৃতি আমি শুনেছি। চেয়ারটা সকলের। মাননীয় অধ্যক্ষ, যদি কারও কিছু বলার থাকে বলতে পারে। আমি বসে শুনবো। কিন্তু আমার কথা ওরা শুনবে না ওরা চিৎকার করবে, এটা গণতন্ত্র নয়। আমাদের দেশ সৌজন্যের দেশ। সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনও ধর্ম লেখা থাকে না। মানবিকতাই আসল‌ ধর্ম। এখানে কোনও সম্প্রদায়কে অপমান করলে আমরা বরদাস্ত করব না। আমি নিজে হিন্দু। এখানে ধর্মের নামে জালিয়াতি করবেন না। যারা হিন্দু-মুসলমান করে আমি তাদের ধিক্কার জানাই। এই ধরনের ধর্মীয় বিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাই। সব ধর্মকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।’ এরই সঙ্গে মণিপুর নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘আপনারা মণিপুর সামলাতে পারছেন না বাংলা কীভাবে সামলাবেন। একটি জেলাও সামলাতে পারবেন না।’ 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ