Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতাদের অস্ত্রের কোপ, অভিযুক্ত বিজেপি

তৃণমূল নেতাদের অস্ত্রের কোপ, অভিযুক্ত বিজেপি
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও এক প্রাক্তন সদস্যকে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মারার ঘটনায় উত্তেজনা ছড়াল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ইটিন্ডা-পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর দাসপাড়া এলাকায়। গুরুতর জখম অবস্থায় বসিরহাট হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা জয়প্রকাশ দাস। অন্যদিকে, দুষ্কৃতীদের মারে জখম হয়েছেন বর্তমান পঞ্চায়েত সদস্য ছোট্টু দাস। তবে, তাঁর আঘাত বেশি না হওয়ায় তাঁকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রে অভিযোগের তির বিজেপির দিকে। বুধবার রাতে পানিতরে কালীপুজো হচ্ছিল। সেখান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন ছোট্টু ও জয়প্রকাশ। হঠাৎ রাস্তায় তাঁদের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতীরা। প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর দুষ্কৃতীরা ধারালো ছুরি বের করে জয়প্রকাশকে আঘাত করে। ছোট্টুকে মারধরের পর অস্ত্রের কোপ মারতে গেলে তিনি দৌড়ে পালান। রক্তাক্ত অবস্থায় প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে পরিজনরা বসিরহাট হাসপাতালে ভর্তি করেন। আক্রান্ত ছোট্টু দাস বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা বসিরহাট থানায় লিখিত অভিযোগ করেছি। বিজেপি নেতা পলাশ সরকার পাল্টা বলেন, গুন্ডা বা দুষ্কৃতী কাদের সঙ্গে থাকে, সবাই জানে। আসলে এটা বিজেপির অভ্যন্তরীণ লড়াই। পুলিস অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ