ঋত শিবিরে নাম লেখানোর জন্য চাপ দিয়ে মুচলেকায় সই করাচ্ছে বিজেপি, সাতগাছিয়ায় অভিযোগ
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে (ঋতব্রত শিবির) যাওয়ার জন্য জোর করে মুচলেকায় সই করানো হচ্ছে। বিজেপির একাংশের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর ২ ব্লকের তিনটি পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, অষ্টমীর দিন এই ব্লকের প্রায় সব পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের ডেকে পাঠানো হয়েছিল ব্লক অফিসে। তাঁদের মধ্যে কয়েকজন এসেছিলেন। অভিযোগ, তখনই বিজেপির স্থানীয় কিছু নেতা মমতাপন্থী নেতা-নেত্রীদের ঋতব্রত শিবিরে নাম লেখানোর জন্য চাপ দেন। প্রসঙ্গত, এখন তৃণমূলের পদাধিকারীদের হলফনামা দিয়ে জানাতে হচ্ছে, কে কোন দিকে আছেন। সেটা নির্বাচন কমিশনে যাবে। সেই কাজের মধ্যেই বিজেপি এমন চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ। সাতগাছিয়া বিধানসভার রামৃষ্ণপুর বোরহানপুর পঞ্চায়েতের প্রধান ভারতী দাস বলেন, মিটিং বলে ডেকে নিয়ে আমাদের জোর করে অন্য শিবিরের যাওয়ার জন্য সই করানো হয়েছে। সই না করলে নানাভাবে ভয় দেখানো হয়েছিল। এই নিয়ে সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুরের প্রশাসনিক ইনচার্জ তথা বিষ্ণুপুর ২ ব্লকের আহ্বায়ক অখিল মান্না বলেন, এটা আমরা শুনেছি। বিষয়টি নিয়ে প্রধানের সঙ্গে কথাও বলেছি। কারা একাজ করেছে, তাঁদের নামও বলতে বলা হয়েছিল। কিন্তু উনি কিছু জানাননি। আমরা নিজেরও সব জায়গায় খোঁজ নিয়েছি। কোথায় কিছু পাওয়া যায়নি। বোঝা যাচ্ছে, আসলে এই অভিযোগ ভিত্তিহীন।

Advertisement