রাজীব বর্মন, দেওয়ানহাট: কোচবিহার জেলায় প্রথম সলিডওয়েস্ট ম্যানেজমেন্টের সংগৃহীত বর্জ্য দিয়ে বিটুমিনের রাস্তা তৈরি শুরু হয়েছে। সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে বাড়ি বাড়ি থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। এরপর সেটি প্রক্রিয়াকরণ করে বিটুমিনের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। যা দিয়ে কোচবিহার-২ ব্লকের বিভিন্ন রাস্তা তৈরি হচ্ছে। এছাড়াও তুফানগঞ্জের ধলপল-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও পথশ্রী প্রকল্পে সলিডওয়েস্ট ম্যানেজমেন্টের সংগৃহীত বর্জ্য প্রক্রিয়াকরণ করে বিটুমিনের রাস্তা তৈরি হচ্ছে। এতে নতুন করে কর্মসংস্থানও তৈরি হচ্ছে। দূষণ রোধে এই প্রক্রিয়া কার্যকর হচ্ছে।
জেলার বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ করে ব্যবহারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। সেজন্য জেলার পাঁচটি মহকুমার পাঁচটি প্লান্ট বসানো হয়েছে। কোচবিহার সদর মহকুমা কোচবিহার-২ ব্লকে চকচাকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় প্লাষ্টিকওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট স্থাপন করা হয়েছে। সেখান থেকে প্রক্রিয়াকরণের পর প্রথমবার সেটা রাস্তার কাজে ব্যবহার শুরু হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা পরিষদের তত্ত্বাবধানে এই প্রকল্প চলছে। বিটুমিনের রাস্তায় প্লাস্টিকের প্রক্রিয়াকরণের পর যে পদার্থ পাওয়া যায়, সেটা মিশিয়ে রাস্তা তৈরি করলে তার মেয়াদ অনেকটা বেড়ে যাবে। সচরাচর বিটুমিনের রাস্তায় জলে ক্ষতি হয়। দ্রুত ভেঙে যায়। তবে প্লাস্টিক প্রক্রিয়াকরণের পর মেশানো থাকলে জল পড়লেও সেই রাস্তা সহজে ভাঙে না। বিটুমিনের রাস্তায় ৮শতাংশ পর্যন্ত প্লাস্টিক মেশানো যায়। এক কিমি রাস্তায় ৪০০কেজি প্লাস্টিকের প্রয়োজন পড়ে। প্রক্রিয়াকরণের পর প্রতি কেজি প্লাস্টিক প্রশাসনের পক্ষ থেকে কিনে নেওয়া হয়।
কোচবিহার-২ এর বিডিও বিশ্বজিৎ মণ্ডল বলেন, আমাদের ব্লকে চকচাকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় জেলা পরিষদ এবং কোচবিহার-২ পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে অত্যাধুনিক প্লাস্টিকওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট গড়ে তোলা হয়েছে। দুটি ইউনিট একসঙ্গে ইন্টিগ্রেটেড সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট ও প্লাস্টিকওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট হিসাবে কাজ করছে। ইতিমধ্যেই মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১.৫ কিমি রাস্তা তৈরি হয়েছে। এখান থেকে প্লাস্টিক প্রক্রিয়াকরণ করার পর সেটা প্রথমবার রাস্তায় ব্যবহারের কাজ শুরু হয়েছে।