Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাখির চোখ বিধানসভার টিকিট, জনদরদি প্রমাণে ফটোশ্যুটে নেতারা

দামি চারচাকা গাড়ি থেকে নামছেন নেতা। গায়ে নামী ব্যান্ডের পোশাক। ত্বক চকচক করছে। প্লট আগে থেকেই তৈরি ছিল। তাঁকে তাক করেছিল মোবাইল ক্যামেরা।

পাখির চোখ বিধানসভার টিকিট, জনদরদি প্রমাণে ফটোশ্যুটে নেতারা
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দৃশ্য-১: দামি চারচাকা গাড়ি থেকে নামছেন নেতা। গায়ে নামী ব্যান্ডের পোশাক। ত্বক চকচক করছে। প্লট আগে থেকেই তৈরি ছিল। তাঁকে তাক করেছিল মোবাইল ক্যামেরা। গেট খুলতেই শুরু অ্যাকশন। নেতা বসে গেলেন সবজি বিক্রি করতে। ক্রেতাও হাজির। আউশগ্রামে এই চিত্রনাট্য মুহূর্তে ভাইরাল করে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। ওই নেতা বোঝাতে চাইলেন ‘আমি তোমাদেরই লোক’।

Advertisement

দৃশ্য-২: কয়েক দিন আগে আর এক নেতা গামছা বেঁধে মাঠে ধান রোপণ করলেন। তবে, মোবাইলে যতক্ষণ লাইভ চলল, ততক্ষণই তিনি থাকলেন। ক্যামেরা বন্ধ হতেই তিনিও হাওয়া।
দৃশ্য-৩: শিশুকে কোলে নিয়ে দলের কর্মসূচিতে ঘুরছেন কেউ কেউ। আবার কেউ মাটিতে বসে গ্রামবাসীদের সঙ্গে খাবারও খাচ্ছেন। অনেকে আবার নিজের এলাকার জনপ্রতিনিধিকে অযোগ্য প্রমাণে মরিয়া হয়ে উঠেছেন।
এসব দেখে তৃণমূলের অনেকেই বলছেন, এর নেপথ্য রয়েছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। টিকিট পাওয়ার জন্যই ‘বহুরূপ’ ধরতে হচ্ছে নেতাদের। তবে, এসবে কতটা ফায়দা তোলা যাবে, তা নিয়ে অনেকেই সংশয় রয়েছেন। 
দলীয় সূত্রে জানা গিয়েছে, এখন শীর্ষ নেতৃত্ব বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। এছাড়া সহযোগী সংস্থা মাঠ কামড়ে পড়ে রয়েছে। কোন নেতা বা নেত্রী কী করছে, কার ভাবমূর্তি কেমন রয়েছে, তা তাঁরা ভালোই জানেন। দলের এক নেতা বলেন, শীর্ষ নেতৃত্ব সব সময় চায়, সবাই জনসংযোগ বাড়াক। নেতারা মাটির সঙ্গে মিশে থাকুক। কিন্তু নেতাদের অনেকেই অন্য সময় সেসবের তোয়াক্কা করেন না। কালোকাচের গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন। নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকেন। সামনে ভোট থাকায় তাঁদের অনেকেই জনদরদি সাজতে মরিয়া হয়ে উঠেছেন। দলের আর এক নেতা বলেন, সারা বছরই সবাই এভাবে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমস্যা হয় না। ফটোশ্যুট করে মানুষের মন জয় করা যায় না। কে মানুষের বিপদে থাকেন আর কে থাকেন না, সেটা আমজনতা ভালোই জানে। সব নেতা এখন স্ক্যানারে রয়েছে। বিধানসভা নির্বাচনে দক্ষতা এবং ভাবমূর্তি দেখেই টিকিট দেওয়া হবে। তা নিয়ে কোনও সংশয় নেই। তাই এখন হঠাৎ করে কেউ জনদরদি সাজার চেষ্টা করলেও সফল হবেন না।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে ময়দানে নামতে শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছে। কয়েক দিন আগে পূর্ব বর্ধমান জেলার নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। কয়েকটি ব্লকে সাংগঠনিক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকে বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। ভোটের সময় কেউ দলের বিরুদ্ধে কাজ করলে তাঁকে ছাড়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, বিধানসভা নির্বাচনে সব জায়গাতেই আমরা জিতব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক উন্নয়ন করেছেন। মানুষ কাজ দেখেই ভোট দেবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ