Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জলের পরিষেবা না পেলেও আসে বিল, এসজেডিএ’র ভূমিকায় প্রশ্ন

দীর্ঘদিন ধরে শিলিগুড়ি মহকুমার হিমাঞ্চল বিহার ও পরিবহণনগরের এসজেডিএ’র জলের রিজার্ভার খারাপ থাকায় পানীয় জলের পরিষেবা পাচ্ছেন না বাসিন্দারা।

জলের পরিষেবা না পেলেও আসে বিল, এসজেডিএ’র ভূমিকায় প্রশ্ন
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘদিন ধরে শিলিগুড়ি মহকুমার হিমাঞ্চল বিহার ও পরিবহণনগরের এসজেডিএ’র জলের রিজার্ভার খারাপ থাকায় পানীয় জলের পরিষেবা পাচ্ছেন না বাসিন্দারা। সুষ্ঠু পরিষেবা না দিয়েই বিল পাঠানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের দাবি, পানীয় জলের পরিষেবা না দিয়েই বিল পাঠানো হচ্ছে। তবে, যে পরিষেবা মানুষ পাননি তার জন্য অর্থ কেন খরচ করতে হবে? এই প্রশ্নই তুলছেন বাসিন্দাদের একাংশ। ওয়াকিবহাল মহলের দাবি, পরিবহণ নগরের জলের রিজার্ভার মাঝেমধ্যে অকেজো হয়ে যায়। একইভাবে হিমাঞ্চল বিহারে এসজেডিএ দপ্তরের পাশে থাকা জলের রিজার্ভার থেকে শেষবার কবে বিশুদ্ধ পানীয় জল মানুষ পেয়েছিলেন, তা ঠিক মনে করতে পারছেন না অনেকেই। এই অবস্থায় পরিবহণনগরের একাধিক সরকারি, বেসরকারি দপ্তরে এসজেডিএ’র তরফে কীভাবে ভূতুড়ে বিল পাঠানো হচ্ছে তা বুঝতে পারছেন না কেউ।

Advertisement

এসজেডিএ’র চেয়ারম্যান দিলীপ দুগার বলেন, বিল ঠিক কী কারণে পাঠানো হয়েছে, তা জেনে বলতে পারব।

একই সঙ্গে দিলীপের আশ্বাস, হিমাঞ্চল বিহারের পানীয় জল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবহণনগরের পরিষেবা বারবার ব্যাহত হয় কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।

হিমাঞ্চল বিহার ও পরিবহণনগরের দুটি রিজার্ভারের উপরে মাটিগাড়ার বিস্তীর্ণ এলাকার মানুষজন নির্ভর করে থাকেন। অভিযোগ, কয়েক বছর ধরেই হিমাঞ্চল বিহারের পানীয় জল পরিষেবা ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ ওই পরিষেবা পাচ্ছেন না। অন্যদিকে, পরিবহণনগরের রিজার্ভারের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এসজেডিএ বরাবর খামখেয়ালি মনোভাব রেখেছে বলেও অভিযোগ উঠেছে। বারবার অভিযোগ করার পরে রিজার্ভারের কাজ করা হলেও মাঝেমধ্যে জলের অভাবে ভোগেন স্থানীয়রা। রিজার্ভার পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়েও সেই অর্থে মনোযোগী নয় কর্তৃপক্ষ। পানীয় জলের পরিষেবা ঠিকঠাক না দিয়ে কেন বিল পাঠানো হচ্ছে, তা বুঝতে পারছেন না মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ