Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা বেহাল, মালদহ কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের উপর দিয়েই চলছে বাইক

রাস্তা বেহাল, মালদহ কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের উপর দিয়েই চলছে বাইক
  • ২৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের মালদহ কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মের উপর দিয়ে বাইক চলাচল করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, দিনভর চালকরা ইচ্ছে অনুয়ায়ী প্ল্যাটফর্মের উপর দিয়ে বাইক নিয়ে রসিলাদহ হয়ে বাইপাসমুখী রাস্তার দিকে চলে যাচ্ছেন। এনিয়ে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই স্টেশনে যাত্রীরা প্ল্যাটফর্মে ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকেন। সঙ্গে পরিবারের সদস্যরাও থাকে। তাই যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার শঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। বিশেষ করে বিকেলের পর থেকে স্থানীয় প্রৌঢ় এবং বয়স্করা প্ল্যাটফর্মে  হাঁটাচলা করেন। বিশ্রাম নিতে শেডের নীচে বসেও থাকেন। এতে তাঁদেরও সমস্যা হচ্ছে। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

Advertisement

উল্লেখ্য, শতাব্দী প্রাচীন মালদহ কোর্ট স্টেশন রয়েছে পুরাতন মালদহ শহরের সদরঘাটে। এই স্টেশন হয়ে অনেক স্বাধীনতা সংগ্রামী যাতায়াত করেছেন। সেসব স্মৃতি এই স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে। কয়েক বছর আগে স্টেশনের আবস্থা আরও বেহাল ছিল। বর্তমানে সংস্কারের কাজ চলছে। এই স্টেশনে শিলিগুড়ি, কাটিহারগামী দূরপাল্লার ট্রেন থামে। সেজন্য অনেক যাত্রী ভিড় করেন। এদিকে স্টেশন গেট সংলগ্ন বাইপাসে যাওয়ার রাস্তা বেহাল। তাই বেহাল রাস্তা এড়াতে অনেকেই স্টেশনের প্ল্যাটফর্মের উপর দিয়ে বাইপাস চলে যাচ্ছেন। শহরের বাসিন্দা গোপাল ঘোষ বলেন, আমরা মাঝেমধ্যে বিকেলে স্টেশনে যাই। সেখানে বাইক চলছে দেখতে পাই। এটা নিয়ন্ত্রণ করা উচিত। এতে যাত্রীদের সুবিধা হবে। স্টেশন  সংলগ্ন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিবশঙ্কর ভট্টাচার্য বলেন, আমি এখন কলকাতায় আছি। সমস্যাটি খতিয়ে দেখা হবে। 
মালদহ কোর্ট স্টেশনের এক আধিকারিক বলেন, এমনভাবে বাইক নিয়ে প্ল্যাটফর্মের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার নিয়ম নেই। স্টেশনের বিভিন্ন দিক খোলা রয়েছে। সেজন্য কে কখন বাইক নিয়ে যাচ্ছে, এটা দেখা মুশকিল। খোলা দিকগুলি বন্ধ হলে বাইক প্রবেশ করতে পারবে না। অমৃত ভারত প্রকল্পে কাজ চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।  প্ল্যাটফর্ম দিয়ে চলছে বাইক।

Advertisement
সম্পর্কিত সংবাদ