সংবাদদাতা, উলুবেড়িয়া: একটি বাইক ও এক সাইকেলের পিছনে ধাক্কা দিল একটি চার চাকার গাড়ি। এতে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে, ১৬ নম্বর জাতীয় সড়কে কুলগাছিয়ার শ্রীরামপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম অভিষেক হাজরা (৩৮)। বাড়ি আমতার জয়পুর থানার উত্তর খালনা গ্রামে। দুর্ঘটনায় সৌমেন সানা নামে অন্য এক বাইক আরোহী এবং রূপচাঁদ পাখিরা নামে এক সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁরা উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি চার চাকার গাড়িটি আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ কুলগাছিয়ার শ্রীরামপুরে রূপচাঁদ পাখিরা নামে এক সাইকেল আরোহী জিনিসপত্র নিয়ে আচমকাই জাতীয় সড়কে উঠে পড়েন। তখন বাইকে চেপে কলকাতা অভিমুখে যাচ্ছিলেন দুই বাইক আরোহী। রূপচাঁদবাবুকে বাঁচাতে বাইকটি ব্রেক কষে। তাতে পিছনে থাকা একটি ছোট চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক এবং সাইকেল ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অভিষেক হাজরা নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। পুলিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, শ্রীরামপুরে এই জায়গায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। তাই দীর্ঘদিন ধরে এখানে একটি আন্ডারপাসের দাবি তোলা হয়েছে। কিন্তু এখনও কোনও কাজ হয়নি। তাই অবিলম্বে এলাকায় একটি আন্ডারপাস তৈরির দাবি ফের জানান তাঁরা। এদিন সকালের এই দুর্ঘটনায় জাতীয় সড়কের কলকাতামুখী লেনে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে পুলিসের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।