নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সত্যিই বাংলার সরকারি হাসপাতালের ডাক্তাররা পারেন না, এমন চিকিৎসা ক্রমেই কমে আসছে। ডান পায়ের পাতার মেটাটারসল হাড় ডান হাতের বুড়ো আঙুলে জুড়ে নতুন কেরামতি দেখালেন কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সত্যিই বাংলার সরকারি হাসপাতালের ডাক্তাররা পারেন না, এমন চিকিৎসা ক্রমেই কমে আসছে। ডান পায়ের পাতার মেটাটারসল হাড় ডান হাতের বুড়ো আঙুলে জুড়ে নতুন কেরামতি দেখালেন কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা।
মেডিকেল সূত্রের খবর, মাস ছয়েক আগে বিহারের মুঙ্গেরের বাসিন্দা ১৪ বছরের এক কিশোরীর ডান হাতের বুড়ো আঙুলের পাশে একটি মাংসপিণ্ডের মতো অংশ বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে সেটি একটি ক্রিকেট বলের আকার নেয়। জিনিসপত্র ধরা, খাওয়া দাওয়া— ডান হাতের সব কাজকর্মই প্রায় বন্ধ হওয়ার জোগাড় হয়। পাপিয়া কুমারী (নাম পরিবর্তিত) নামে ওই কিশোরীকে সুস্থ করতে বিহারের বিভিন্ন এলাকার হাসপাতালে ছোটাছুটি শুরু করেন বাড়ির লোকজন।
বৃহস্পতিবার পাপিয়ার মা অমৃতাদেবী বলেন, ‘মেয়েকে নিয়ে মুঙ্গের, ভাগলপুর, পাটনা— কোথায় না গিয়েছি! শুধু গাদা গাদা পরীক্ষা করেছি আর এটুকু জানতে পেরেছি, ওটা একটা টিউমার। কিন্তু সেই টিউমারের কোনো সুরাহা হয়নি। স্বামী কর্মসূত্রে কলকাতায় যাতায়াত করেন। মেডিকেল কলেজের পাশেই তাঁর যাতায়াত আছে। সেই সূত্রে মেয়েকে নিয়ে এখানে চলে আসি। ভরতি করি মেডিকেলে। অপারেশন হয়ে গিয়েছে। ও এখন আঙুল নাড়াতেও পারছে।’
কীভাবে সুরাহা পেল পাপিয়া? হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখানকার অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সৈকত সাউয়ের অধীনে ওই কিশোরীকে ভরতি করা হয়েছিল। ওই বিশাল সাইজের টিউমার বাদ দিলে, বুড়ো আঙুলকে সাপোর্ট দেওয়ার মতো কোনো হাড় থাকবে না। এদিকে, টিউমার বাদ দেওয়াটাও খুব জরুরি। নাহলে বাদ দিতে হবে কব্জি থেকে গোটা ডান হাত। তখন পাপিয়ার পড়াশোনা, ভবিষ্যতে বিয়ে সব কিছুই প্রশ্নের মুখে পড়বে। ডাঃ সাউ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিই, ডান পায়ের পাতার মাঝের আঙুলের সংযোগকারী মেটাটারসল হাড়ের অংশবিশেষ সংগ্রহ করে, তা যদি বুড়ো আঙুলের ওই অংশে প্রতিস্থাপিত করা হয়, তাহলে আর কোনো সমস্যা থাকবে না।’
মেডিকেল সূত্রের খবর, দিনসাতেক আগে অস্ত্রোপচার হয়। বাদ দেওয়া হয় টিউমার। হাতের হাড়ের শূন্যস্থান দিব্য পূরণ করে পায়ের পাতার মেটাটারসল। এভাবে চিকিৎসাশাস্ত্রে নতুন কেরামতি মেডিকেল কলেজের ডাক্তারদের দক্ষতার মুকুটে যোগ করল নয়া পালক!