বিহার: ফের ধরনায় বসল ৬ বছরের খুদে
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিহারের ছাত্র আন্দোলনের মুখ হয়ে উঠেছে ৬ বছরের আদিত্য। রবিবার মা-বাবাকে মারধরের প্রতিবাদে ফের অবস্থান-বিক্ষোভে বসল এই খুদে। দাবি একটাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সঙ্গে দেখা করতে হবে। গত মঙ্গলবার পাটনার ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিল আদিত্য। বাকি বিক্ষোভকারীদের সঙ্গে তাকেও পুলিশ আটক করে বলে অভিযোগ ওঠে। যাবতীয় অভিযোগ উড়িয়ে দেয় পুলিশ। তারা জানায়, নিরাপত্তার কারণেই আদিত্যকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে ওই খুদেকে মায়ের হাতে তুলে দেওয়া হয়। তাতে অবশ্য চিঁড়ে ভেজেনি। খুদে আন্দোলনকারীর অভিযোগ, তার মা-বাবাকে মারধর করেছে পুলিশ। রবিবার গরদানিবাগে প্রতিবাদে শামিল হয় আদিত্য। স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানায় ওই খুদে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদিত্য বলে, ‘আমাকে আট ঘণ্টা পুলিশি হেপাজতে রাখা হয়েছিল। তখনই মা-বাবাকে মারধর করা হয়। ওঁরা তো দুষ্কৃতী নয়। তাহলে পুলিশ মারধর করল কেন?’ এখানেই না থেমে তার সংযোজন, ‘আমরা অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব। উনি ভোটের সময়ে রোডশো করেন। তাই এখন আমাদের দাবি মেনে দেখা করা উচিত। সেটা না হওয়া পর্যন্ত এখানেই বসে থাকব।’

Advertisement