নয়াদিল্লি: ভারতের কর্পোরেট আয়ের ৬০ শতাংশের বেশি রয়েছে দেশের পাঁচ ব্যবসায়ী পরিবারের হাতে। তালিকায় রয়েছে, রিলায়েন্স (আম্বানি), আদানি, বিড়লা, জিন্দাল ও টাটা গোষ্ঠী। সম্প্রতি ‘ওয়ার্ল্ড ব্যাংক ইকনমিক রিভিউ’-তে প্রকাশিত একটি সমীাক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। দাবি, উদারীকরণের পর বাজারে প্রতিযোগিতা বাড়লেও ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত দুই দশকে দেশের ব্যবসায়িক রাজস্বের ৬০ শতাংশের বেশি নিজেদের দখলেই রেখেছে পাঁচ পারিবারিক ব্যবসায়ী গোষ্ঠী।
ওই সমীক্ষায় রিলায়েন্স, আদানি, বিড়লা, ওমপ্রকাশ জিন্দাল এবং টাটা গোষ্ঠীকে ‘বিগ ফাইভ’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে রিলায়েন্স ও আদানি গোষ্ঠীর সম্মিলিত আয় বরাবরই মোট আয়ের অন্তত ২০ শতাংশের সমান ছিল। অন্য দিকে, জিন্দাল ও টাটা গোষ্ঠীর আয় ক্রমশ বাড়লেও মোট আয়ের অংশ ১০ শতাংশের নিচেই থেকেছে। বিড়লা গোষ্ঠীর ক্ষেত্রে ছবিটা একটু আলাদা। তাদের মোট আয় ধারাবাহিক ভাবে কমলেও ব্যবসাও একইরকম কেন্দ্রীভূত রয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২০ সালে দেশের সেরা ২৫টি পারিবারিক ব্যবসায়ী গোষ্ঠীর মোট আয় দেশের জিডিপির ১৫ শতাংশেরও বেশি ছিল।