নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর নর্থ থানার ওসি প্রতীক বসুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত। তার পরিপ্রেক্ষিতে সম্প্রতি তিনি বনগাঁর দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রদীপকুমার অধিকারীর এজলাসে আত্মসমর্পণ করে জামিন নিলেন। আদালতের আদেশ অমান্য করার জন্য ওই পুলিস অফিসার বিচারকের কাছে দুঃখপ্রকাশ করেন ও ক্ষমা চান। সেই সঙ্গে আগামী দিনে তিনি এ বিষয়ে সর্তক থাকবেন বলে আদালতকে জানিয়েছেন। সরকারি আইনজীবীদের একাংশের বক্তব্য, এই পুলিস অফিসার একটি মামলায় একাধিকবার কোর্টে হাজির না হওয়ার কারণে মামলার শুনানি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তার ভিত্তিতেই ক্ষুব্ধ বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিস বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে তিনজনের বিরুদ্ধে। সেই মামলার তদন্তকারী অফিসার ছিলেন এই প্রতীক বসু। পরবর্তী সময়ে তিনি বদলি হয়ে আসেন বিধাননগর নর্থ থানার ওসি পদে। মামলায় শুনানি চলাকালাীন তাঁকে কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়। কিন্তু আদালতে হাজির না থাকার বিষয়ে ওই পুলিস অফিসার কোর্টের কাছে যে বক্তব্য পেশ করেছিলেন, তাতে সন্তুষ্ট হননি বিচারক। এরপরই তিনি চরম ক্ষোভ প্রকাশ করে প্রতীকবাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা কার্যকর করার জন্য বিধাননগর পুলিস কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। কোর্টের এহেন কড়া পদক্ষেপের পরই সম্প্রতি অভিযুক্ত ওসি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ফলে দেরিতে হলেও শেষ পর্যন্ত থমকে থাকা ওই মামলার বিচার ফের শুরু হচ্ছে। চলতি মাসেই আদালত শুনানির দিন ধার্য করেছে।