নয়াদিল্লি: গত এক দশকের মোদি শাসনে উন্নতির কক্ষপথ থেকে ছিটকে গিয়েছে ভারত। শিল্প থেকে চাকরির বাজার— ঝিমুনি সর্বক্ষেত্রে। চড়া মূল্যবৃদ্ধির চাপে মানুষের হাতে টাকা নেই। অথচ বছর বছর ফুলে ফেঁপে উঠছে বিজেপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট। রীতিমতো রকেট গতিতেই। ২০১৪-১৫ আর্থিক বছরে মোট ৯৭০ কোটি টাকা আয় হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলের। ২০২৩-২৪ অর্থবর্ষে অর্থাৎ গত লোকসভা ভোটের ঠিক আগে তা বাড়তে বাড়তে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪০ কোটি ৪৭ লক্ষ টাকায়। এর মধ্যে ৩৮ শতাংশ বা ১ হাজার ৬৮৫ কোটিরও বেশি এসেছে শুধু নির্বাচনী বন্ড থেকে। এই অঙ্কের ধারেকাছে নেই অন্য কোনও রাজনৈতিক দল। ভোটের বছরে বিজেপির আয়ের এই তথ্য হইচই ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। নির্বাচন কমিশনে জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের হিসেব বলছে, গত লোকসভা ভোটের আগে বিজেপির ব্যাঙ্ক অ্যাকাউন্টে (ফিক্সড ডিপোজিট সহ) ছিল ৭ হাজার কোটিরও বেশি টাকা। শুধু ফিক্সড ডিপোজিটে সুদ বাবদ ৩৬৮ কোটি টাকার বেশি আয় করেছে মোদির দল। এছাড়া তহবিলে ছিল নগদ আরও ১০৯ কোটি টাকা। সেই কারণে যাবতীয় নির্বাচনী প্রচারে মুড়ি-মুড়কির মতো টাকা ছড়িয়েছে গেরুয়া শিবির। গত আর্থিক বছরে এই খাতে ১ হাজার ৭৫৪ কোটি টাকা তারা খরচ করেছে। আগের অর্থবর্ষের তুলনায় তা প্রায় ৬০ শতাংশ বেশি।
Advertisement
গত লোকসভা ভোটে ‘চারশো পার’-এর ধুয়ো তুলেছিলেন মোদি। কিন্তু তাঁর দল ম্যাজিক ফিগার পার করতে পারেনি। মাত্র ২৪০টি আসনেই তাদের দৌড় থেমে যায়। ভোটবাক্সে ভাটা পড়লেও বিজেপির রোজগারে তার প্রভাব দেখা যায়নি। রাজনৈতিক দলগুলিকে প্রত্যেক বছরের আয়-ব্যায়ের হিসেব জমা দিতে হয় নির্বাচন কমিশনে। সম্প্রতি সেই তথ্য প্রকাশ করা হয়েছে কমিশনের ওয়েবসাইটে। সেখানে দেখা যাচ্ছে, ২০২২-২৩ আর্থিক বছরে বিভিন্ন ‘উৎস’ থেকে মোট ২ হাজার ৩৬০ কোটি ৮০ লক্ষ টাকা আয় করেছিল বিজেপি। ২০২৩-২৪ আর্থিক বছরে তা প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু অনুদানই এসেছে ৩ হাজার ৯৬৭ কোটি টাকা। তবে খরচও কম হয়নি। সব মিলিয়ে এক বছরে প্রায় ২ হাজার ২১১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয় হয়েছে দেশের শাসকদলের।
ভোট বছরে বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’ নিয়ে কম মাতামাতি হয়নি। সম্ভবত সেই সুবাদে আয় বেড়েছে দেশের বৃহত্তম দল কংগ্রেসেরও। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে রাহুল গান্ধীর দলের ঘরে এসেছে ১ হাজার ২২৫ কোটি টাকা। খাতায় কলমে অবশ্য তার থেকে অনেক বেশি টাকা খরচ হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের প্রচারে।
ভোট বছরে বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’ নিয়ে কম মাতামাতি হয়নি। সম্ভবত সেই সুবাদে আয় বেড়েছে দেশের বৃহত্তম দল কংগ্রেসেরও। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে রাহুল গান্ধীর দলের ঘরে এসেছে ১ হাজার ২২৫ কোটি টাকা। খাতায় কলমে অবশ্য তার থেকে অনেক বেশি টাকা খরচ হয়েছে নরেন্দ্র মোদি-অমিত শাহদের প্রচারে।



