Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভারতীয় ফুটবলে সেরা বিজ্ঞাপন মোহন বাগান

হোসে মোলিনাকে অভিনন্দন। মোহন বাগানকে আইএসএলের লিগ শিল্ড জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন স্প্যানিশ কোচ। পরের ম্যাচে ওড়িশা এফসিকে হারালেই ভারতসেরা মোলিনা ব্রিগেড। নিজেরা বড় ভুল না করলে এই দলকে রোখা কঠিন।

ভারতীয় ফুটবলে সেরা বিজ্ঞাপন মোহন বাগান
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শিশির ঘোষ: হোসে মোলিনাকে অভিনন্দন। মোহন বাগানকে আইএসএলের লিগ শিল্ড জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছেন স্প্যানিশ কোচ। পরের ম্যাচে ওড়িশা এফসিকে হারালেই ভারতসেরা মোলিনা ব্রিগেড। নিজেরা বড় ভুল না করলে এই দলকে রোখা কঠিন। নিঃসন্দেহে মোহন বাগানই ভারতীয় ফুটবলের সেরা বিজ্ঞাপন। কামিংসরা যে ব্র্যান্ডের ফুটবল উপহার দিচ্ছে তার ধারেকাছে নেই বাকিরা। হেভিওয়েট স্কোয়াড মোলিনার হাতে তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তারকা খচিত দল সামলানো মোটেও সহজ কাজ নয়। তাদের একসুতোয় বাঁধা বেশ কঠিন। কোচ মোলিনা দিনের পর দিন সেটা করে দেখিয়েছেন। দক্ষ রাঁধুনি না হলে বাজারের সেরা উপকরণ ঢেলেও রান্না ভালো হয় না। এখানেই মোলিনার কৃতিত্ব।
Advertisement
ওজনদার দল মোহন বাগান। স্কোয়াডে একাধিক ম্যাচ উইনার। শনিবারের ম্যাচটার কথাই ভাবুন! প্রথম ২৫ মিনিট ঝড় তুলে দেয় কেরল ব্লাস্টার্স। এই পর্বে অনবদ্য রিফ্লেক্সে নিশ্চিত গোল বাঁচায় বিশাল কাইথ। ওটাই টার্নিং পয়েন্ট। এরপরেও বিশালকে জাতীয় দলের প্রথম এগারোয় না খেলানো অন্যায়। যাই হোক, প্রবল চাপ কাটাতে যে করে হোক একটা গোল দরকার ছিল মোহন বাগানের। লিস্টনের পাস ধরে ম্যাকলারেন জাল কাঁপাতেই ম্যাচে ফেরে সবুজ-মেরুন ব্রিগেড। অজি বিশ্বকাপারের দ্বিতীয় গোলটি এককথায় লা জবাব। কামিংস বল পেতেই দৌড় শুরু করে ম্যাকলারেন। চকিতে দেখে নিয়েছিল বিপক্ষ গোলরক্ষক একটু এগিয়ে এসেছে। জোরে ভলি না নিয়ে ঠান্ডা মাথায় শচীন সুরেশের মাথার উপর দিয়ে বল জালে পাঠায় ম্যাকা। এটাই বড় স্ট্রাইকারের গুণ। একটা ছোট্ট চাঁটায় নিজের জাত বুঝিয়ে দিল ম্যাকলারেন। শুধু তাই নয়। মিনি ডার্বির কথাও মনে পড়ছে। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জেসন কামিংসের ফ্রি-কিক ছোট্ট ব্যাক হিলে সাজিয়ে দেয় ম্যাকলারেন। এক টাচেই বিপক্ষ গোলমুখ যায় খুলে। সেই মুভ থেকে হেলায় লক্ষ্যভেদ করে শুভাশিস। অন্য দলের সঙ্গে এখানেই মোহন বাগানের পার্থক্য। তবে আপুইয়া ও দীপক টাংরিকে অতি সাধারণ লেগেছে। নিজেদের বক্সের মাথায় মিস পাস করেছে আপুইয়া। গোল হলেও বলার কিছু ছিল না। দিমিত্রি পেত্রাতোসও হতাশ করেছে। গত মরশুমে দুরন্ত ছন্দে ছিল পেত্রাতোস। পারফরম্যান্স গ্রাফ ঝপ করে পড়ল কেন? কামিংসদের ঝলকানি সব ঘাটতি ঢেকে দিলেও টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই উত্তর খুঁজবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ