Bartaman Logo
২৭ মে, ২০২৬

ভারতে অসংগঠিত ক্ষেত্রে কমেছে নতুন কর্মসংস্থান

ভারতে অসংগঠিত ক্ষেত্রে কমেছে নতুন কর্মসংস্থান
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: নোট বাতিল এবং জিএসটি ভারতীয় অর্থনীতির কোমর ভেঙে দিয়েছিল। পরে তাতে যুক্ত হয় কোভিড লকডাউন। দেশের অসংগঠিত ক্ষেত্র যে এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি, তা আরও ফাঁস হল কেন্দ্রের তথ্যেই। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর—এই এই বছরে দেশের অসংগঠিত ক্ষেত্রে নতুন কর্মসংস্থান বৃদ্ধি ধাক্কা খেয়েছে তার আগের এক বছরের তুলনায়। এদিকে, চলতি ও আগামী আর্থিক বছরে ভারতের ৬.৫ শতাংশ আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস দিল উপদেষ্টা সংস্থা ইওয়াই। সাধারণ মানুষের মধ্যে খরচে লাগাম এবং সেই সূত্রে চাহিদা হ্রাসের ফলে পর পর দু’বছর জিডিপি বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছে তারা।    
Advertisement
উল্লেখ্য, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৪ শতাংশ। যা গত সাতটি ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে কম। এরইমধ্যে জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও)-এর সাম্প্রতিকতম তথ্য থেকে জানা গিয়েছে, দেশের আনইনকর্পোরেটেড সেক্টরে (অসংগঠিত ব্যবসায়িক ক্ষেত্র)  ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ১ কোটি ১৭ লক্ষের বেশি নতুন কর্মসংস্থান হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে সেই সংখ্যা কমে হয়েছে ১ কোটি ১০ লক্ষের মতো। অথচ তার আগের বছরের তুলনায় শেষ এক বছরে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ৮৩ লক্ষের মতো বেড়েছে। বর্তমানে ১২ কোটি ৬ লক্ষ মানুষ আনইনকর্পোরেটেড সেক্টরে কর্মরত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
সমীক্ষার রিপোর্ট প্রকাশের পরে অসংগঠিত ক্ষেত্রে নতুন কর্মসংস্থান তথ্যকে ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে সরকারের তরফে। যদিও বিশেষজ্ঞদের মতে, নোট বাতিল ও জিএসটির মতো মোদি সরকারের খামখেয়ালি পদক্ষেপ ও করোনা লকডাউনের প্রভাব এই ক্ষেত্রের উপরে ব্যাপকভাবে পড়েছে। ফলে প্রত্যাশিত হারে বাড়ছে না নতুন কর্মসংস্থান।
সম্পর্কিত সংবাদ