নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগে বিভিন্ন ভারতীয় ভাষার অনুবাদ ব্যবস্থা সম্প্রসারণ করতে উদ্যোগী হল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)। বৃহস্পতিবার থেকে সংস্থার ভাষা গবেষণা ইউনিট (এলআরইউ) এই বিষয়ে তিনদিনের এক কর্মশালা শুরু করেছে। এখানে দেশের বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদরা অংশ নেন। ভারতীয় ভাষাগুলির মধ্যে অনুবাদ ব্যবস্থা মসৃণ করতে কেন্দ্রীয় সরকারের তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিক মন্ত্রক একটি বিশেষ প্রকল্প তৈরি করেছে। ‘বিদ্যাপতি’ প্রকল্পের মধ্যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস ট্রানস্লেশন মিশন ‘ভাষিণী’ ইতিমধ্যেই চালু করা হয়েছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন ট্রান্সলেশন, মেশিন লার্নিংয়ের মতো অত্যাধুনিক প্রযুক্তি এখানে ব্যবহার করা হয়েছে। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে কীভাবে ভারতীয় ভাষার মধ্যে অনুবাদের কাজ করা যাবে, তা নিয়ে বিশেষজ্ঞরা কর্মশালায় আলোচনা করছেন। কর্মশালার উদ্বোধন করেন আইএসআইয়ের ডিরেক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। ভাষিণী প্রকল্পের প্রধান পরামর্শদাতা ও ইলেকট্রনিক মন্ত্রকের অবসরপ্রাপ্ত ডিরেক্টর ডঃ স্বর্ণলতা। তাঁর সঙ্গে কর্মশালায় যোগ দিয়েছেন আইএসআই, আইআইটি মুম্বই, আইআইটি যোধপুর এবং কলকাতা ও যাদবপুরসহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।



