Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ভারতে আসছেন মেসি, খেলবেন ম্যাচও !

ভারতে আসছেন মেসি, খেলবেন ম্যাচও !
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
কোচি, ২০ নভেম্বর: সালটা ২০১১। কলকাতায় এসেছিলেন ফুটবলের রাজপুত্র লায়োনেল মেসি। যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতেও দেখা গিয়েছিল তাঁকে। একপলক মেসিকে দেখার জন্য যুবভারতীতে কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন অগন্তি মেসিভক্ত তথা ফুটবল প্রেমীরা। আবারও সেই সুযোগ আসতে চলেছে মেসিভক্তদের তথা ফুটবল প্রেমীদের কাছে। ফের ভারতে আসতে পারেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। তবে কলকাতা নয়, এবার তাঁর ডেস্টিনেশন কেরল। জানা গিয়েছে, আগামী বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে কেরলের কোচিতে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হচ্ছে। কেরল সরকার এটির উদ্যোগ নিয়েছে। সেই ম্যাচে খেলতেই ভারতে আসতে পারেন মেসি। তবে শুধু মেসিই নন, বিশ্বকাপজয়ী গোটা আর্জেন্তিনার দলটাই আসার কথা। ইতিমধ্যেই আর্জেন্তিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও কেরল সরকারের হয়ে গিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, মেসিদের ভারত সফরের সমস্ত খরচই বহন করবে কেরল সরকার। আজ বুধবার এমনটাই জানিয়েছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান। স্পেনে গিয়ে এই বিষয়ে সমস্ত কথাবার্তাও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বিশেষ এই প্রদর্শনী ম্যাচ দেখতে ফিফা কর্তারাও আসতে পারেন বলে দাবি আব্দুরহিমানের। সূত্রের খবর, আর্জেন্তিনার ফুটবল সংস্থার সঙ্গে একটি চুক্তি হয়েছে কেরল সরকারের। তাতেই কেরলে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের ম্যাচ খেলার কথা রয়েছে। একই সঙ্গে দক্ষিণের এই রাজ্যে ফুটবল আকাদেমি গড়তে চলেছে আর্জেন্তিনার ফুটবল সংস্থা। সেই কারণেই কেরলে আসবেন আর্জেন্তিনার ফুটবল সংস্থার কর্তারা। এই বিষয়ে কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ‘আর্জেন্তিনার কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরেই আফার(আর্জেন্তিনার ফুটবল সংস্থা) কর্তাদের কেরলে আসার কথা। তখন সবকিছু খতিয়ে দেখবেন তাঁরা।’
Advertisement
সম্পর্কিত সংবাদ