নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির বাছাই পর্বের শেষ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলা। কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বিহার। প্রথম দু’টি ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে ইতিমধ্যেই ছয় পয়েন্ট ঘরে তুলেছে সঞ্জয় সেন ব্রিগেড। গোল পার্থক্যেও অনেকটাই এগিয়ে বাংলা। পক্ষান্তরে, দুই ম্যাচে বিহারের সংগ্রহ তিন পয়েন্ট। তাই বুধবার ড্র করলেই পরবর্তী রাউন্ডে পৌঁছবেন মনোতোষ মাঝিরা। তবে বাংলাকে হারালে তখন ‘হেড টু হেড’ নিরিখে মূলপর্বে জায়গা করে নেবে বিহার। আবার তিনটি দলের পয়েন্ট সমান হলে বিচার্য হবে গোল পার্থক্য। উল্লেখ্য, দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মূলপর্বের দৌড়ে রয়েছে ঝাড়খণ্ডও। বুধবার তারা খেলবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। তবে এত অঙ্ক কষতে নারাজ বাংলার কোচ সঞ্জয় সেন। গ্রুপের শেষ ম্যাচে বিহারকে হারাতে মরিয়া তিনি।
Advertisement
বাছাই পর্বের প্রথম দু’টি ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে বাংলা। রবি হাঁসদা, মনোতোষ মাঝি, নরহরি শ্রেষ্ঠারা গোলের মধ্যে রয়েছেন। বাংলা শিবির তাই আত্মবিশ্বাসী। তবে পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হচ্ছে তাদের। ফুটবলারদের ক্লান্তির কথা মাথায় রেখে মঙ্গলবার হাল্কা অনুশীলন করালেন বাংলার কোচ সঞ্জয় সেন। এদিন তিনি বলেন, ‘বিহারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। প্রথম ম্যাচ জিতে শুরু করেছে ওরা। ঝাড়খণ্ডের বিরুদ্ধেও তিন গোল দিয়েছে। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। জিতেই মাঠ ছাড়ার নির্দেশ দিয়েছি ফুটবলারদের।’ বুধবার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর দুটোয়। আর সকাল ন’টায় মুখোমুখি হবে ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ।



