Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

বিহারকে হারাতে ব্যর্থ বাংলা, সন্তোষ ট্রফির মূলপর্বে সঞ্জয় সেন ব্রিগেড

বিহারকে হারাতে ব্যর্থ বাংলা, সন্তোষ ট্রফির মূলপর্বে সঞ্জয় সেন ব্রিগেড
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাছাই পর্বের প্রথম দু’টি ম্যাচে বড় ব্যবধানে জিতলেও বিহারকে হারাতে ব্যর্থ বাংলা। তবে তিন ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে থেকেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছল সঞ্জয় সেন-ব্রিগেড। বুধবার কল্যাণী স্টেডিয়ামে বিহারের মুখোমুখি হয়েছিল বাংলা। ম্যাচের ফল গোলশূন্য। দিনের প্রথম ম্যাচে উত্তর প্রদেশ ২-১ গোলে হারায় ঝাড়খণ্ডকে। ফলে এই দুই দলের পয়েন্ট তিন। পক্ষান্তরে, বিহার শেষ করল চার পয়েন্টে। 
Advertisement
ড্র করলেই মূল পর্ব নিশ্চিত ছিল বাংলার। তবে কোচ সঞ্জয় সেন জিতেই মাঠ ছাড়তে চেয়েছিলেন । পূর্ণশক্তির দলই খেলালেন তিনি। ম্যাচের প্রথম পর্বেই কাঙ্ক্ষিত সুযোগ এসে গিয়েছিল চাকু মাণ্ডিদের সামনে। তবে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে বল জালে ঠেলতে পারেননি ইসরাফিল দিওয়ান। এরপর স্পটকিক থেকে লক্ষ্যভেদে ব্যর্থ রবি হাঁসদা। বিরতির পরেও নরহরি শ্রেষ্ঠা, বাসুদেব মাণ্ডিরা বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো সুযোগ নষ্টের প্রদর্শনীতে মাতলেন। তবে স্ট্রাইকাররা ব্যর্থ হলেও সজাগ ছিলেন ডিফেন্ডাররা। তাই বিহার তেমন বিপদ ঘটাতে পারেনি। ম্যাচ শেষে কোচ সঞ্জয় সেনের মন্তব্য, ‘গোল মিস অবশ্যই ভাবনার বিষয়। তবে প্রতিদিন বড় ব্যবধানে জয় আসে না। দলের খেলায় খুশি। খুব তাড়াতাড়ি মূল পর্বের প্রস্তুতি শুরু হবে।’ 
সম্পর্কিত সংবাদ