Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বহিরাগতদের আটকাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্মার্টকার্ড

ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকা বন্ধ করতে স্মার্ট কার্ড চালু করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা-সবাইকে এই বিশেষ কার্ড দেওয়া হবে। সেখানে তাঁদের নাম, বিভাগ লেখা থাকবে। কার্ডে থাকা স্ক্যানারের মাধ্যমেও বিভিন্ন তথ্য জানা যাবে।

বহিরাগতদের আটকাতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে স্মার্টকার্ড
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ক্যাম্পাসে বহিরাগতদের ঢোকা বন্ধ করতে স্মার্ট কার্ড চালু করছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা-সবাইকে এই বিশেষ কার্ড দেওয়া হবে। সেখানে তাঁদের নাম, বিভাগ লেখা থাকবে। কার্ডে থাকা স্ক্যানারের মাধ্যমেও বিভিন্ন তথ্য জানা যাবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, ইসি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাইকে এই কার্ড ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট কার্ড তৈরির জন্য টেন্ডার করা হবে। কিছুদিনের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে। নিরাপত্তারক্ষীও মোতায়েন রয়েছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় কিছু ফাঁকফোকর থেকে গিয়েছে। একবছর আগে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এক ভবঘুরের দেহ উদ্ধার হয়। তিনি বিশ্ববিদ্যালয়ে কীভাবে ঢুকেছিলেন-তা নিয়ে সেসময় প্রশ্ন ওঠে। কয়েকদিন আগে এক ছাত্রও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্যে সরব হন। স্মার্টকার্ড চালু হলে এই সমস্যা দূর হবে। এক আধিকারিক বলেন, এখন ছাত্রছাত্রীদের কাছে সাধারণ কার্ড রয়েছে। প্রবেশের সময় সেটা অনেকসময় দেখা হয় না। বহিরাগতরা অবাধে বিশ্ববিদ্যালয়ে ঢুকে যেতে পারে। কিন্তু আগামী দিনে কার্ড ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হবে না। হস্টেলে বহিরাগতদের ঢোকার উপর আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তারপরও কোনও বহিরাগত সেখানে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নত করতেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি ধীরে ধীরে কার্যকর করা হবে। স্থায়ী উপাচার্য না থাকায় প্রায় দু’বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ থমকে ছিল। টাকা বরাদ্দ করা যায়নি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ