পাটনা: অতিরিক্ত ট্রেন চালিয়েও সামাল দেওয়া যাচ্ছে না প্রয়াগরাজমুখী যাত্রীদের ভিড়। এবার ট্রেনে উঠতে না পেরে ভাঙচুর চালালেন তাঁরা। সোমবার বিহারের মধুবনী স্টেশনের ঘটনা। স্বতন্ত্র সেনানি সুপারফাস্ট এক্সপ্রেসের এসি কামরার দরজা না খোলায় ব্যাপক তুলকালাম বাধে। বেজায় চটে যান যাত্রীদের একাংশ। এরপর ট্রেনে ভাঙচুর চালান। এসি কোচের জানালার কাচ ভেঙে দেন। এই ঘটনায় কয়েকজন যাত্রী জখম হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বিহারের জয়নগর থেকে প্রয়াগরাজ হয়ে নয়াদিল্লি পর্যন্ত যাতায়াত করে ট্রেনটি। আতঙ্কিত যাত্রীরা বলেন, সোমবার জয়নগর থেকেই প্রতিটি কামরা কানায় কানায় পূর্ণ ছিল। মধুবনী স্টেশন ঢুকতেই ট্রেনে ওঠার জন্য যাত্রীরা ঝাঁপিয়ে পড়েন। এসি কোচের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তখন যাত্রীরা উঠতে না পেরে জানালার কাচ ভেঙে দেন। অমরনাথ ঝা নামে এক যাত্রী বলেন, আমি পরিবার নিয়ে দিল্লি যাচ্ছিলাম। জানালার কাচ ভাঙতে দেখে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। রেল পুলিসও সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এই ঘটনার জেরে মধুবনী স্টেশনে ট্রেনটি প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়েছিল। ভাঙা কাচ মেরামতির পর ট্রেনটি গন্তব্যে রওনা দেয়।



