নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ফুটবলে ‘ভার’ প্রযুক্তি চালুর দাবিতে সুর চড়াল ইস্ট বেঙ্গল। উল্লেখ্য, আইএসএলের মিনি ডার্বিতে রেফারি হরিশ কুণ্ডু আধঘণ্টার মধ্যেই জোড়া লাল কার্ড দেখান নন্দকুমার ও মহেশ সিংকে। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ লাল-হলুদ সমর্থকেরা। শুধু তাই নয়, অভিযোগ ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে ব্রুজোঁ ব্রিগেডকে। ইতিমধ্যেই ম্যাচের ভিডিও ফুটেজ সহ প্রতিবাদপত্র ফেডারেশনে জমা করেছে লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক। কর্তাদের অভিযোগ, সাম্প্রতিককালে বারংবার রেফারির ভুল সিদ্ধান্তে ভুগতে হচ্ছে দলকে। ভারতীয় ফুটবলে রেফারির মান নিয়ে প্রায় সব দলই বিরক্ত। তবে ফেডারেশন নির্বিকার।



