Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যাখ্যা দিলেন ভোগলে

ইডেনে সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়নি হর্ষ ভোগলেকে।

ব্যাখ্যা দিলেন ভোগলে
  • ২৩ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: ইডেনে সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দেখা যায়নি হর্ষ ভোগলেকে। এর আগেই অবশ্য খবর ছড়িয়ে পড়ে যে, তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে ক্রিকেট অ্যাসেসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। উল্লেখ্য, ইডেনে কলকাতা নাইট রাইডার্স হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না বলে জানিয়েছিলেন হর্ষ। কিউয়ি ধারাভাষ্যকার সাইমন ডুল তো একধাপ এগিয়ে নাইটদের অন্য ভেন্যুতে খেলার পরামর্শও দিয়েছিলেন।  কারণ, ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় কেকেআরের পছন্দের পিচ তৈরি করছেন না।

Advertisement

ভোগলে ও ডুলের এই মন্তব্য নিয়ে সম্প্রতি বাজার গরম। প্রায় দিন দশ আগে সিএবি থেকে বোর্ডকে চিঠি পাঠানো হয় এই দু’জনের নামে। সচিব নরেশ ওঝা তাতে লেখেন যে ইডেনে আইপিএলের কোনও ম্যাচেই যাতে এই দুই ধারাভাষ্যকার না থাকেন। আর এই প্রসঙ্গেই মুখ খুলেছেন হর্ষ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমি কেন সোমবারের ম্যাচে ইডেনে ছিলাম না, তা নিয়ে নানা কথা হচ্ছে। বাস্তবটা হল, আমাকে দেওয়া সূচিতে এই ম্যাচ ছিল না। সরাসরি আমার কাছে জানতে চাইলেই বিষয়টা পরিষ্কার হতো। প্রতিযোগিতা শুরুর অনেক আগেই এই সূচি তৈরি হয়। কলকাতায় আমার দুটো ম্যাচ করার কথা ছিল। তার মধ্যে প্রথম ম্যাচে আমি মাঠেও ছিলাম। কিন্তু পরিবারের একজনের গুরুতর অসুখের কারণে দ্বিতীয় ম্যাচে থাকতে পারিনি।’ তবে কোন কোন ম্যাচে তাঁর ইডেনে ধারাভাষ্যকার হিসেবে থাকার কথা ছিল, তা পরিষ্কার করে জানাননি তিনি। ধোঁয়াশা থাকছেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ