Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভাঙাচোরা সামগ্রীর দোকানে মাদকের ব্যবসা, মাটিগাড়ায় ব্রাউন সুগার সহ ধৃত

ভাঙাচোরা সামগ্রীর দোকানে মাদকের ব্যবসা, মাটিগাড়ায় ব্রাউন সুগার সহ ধৃত
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: ভাঙাচোরা সামগ্রী বিক্রির দোকানে অন্য সামগ্রী বিক্রির আড়ালে চলছিল মাদকের কারবার। খবর পেয়ে অভিযান করে এক ব্যক্তিকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিস। ধৃতের নাম অজয়কুমার সাউ। সে বিশ্বাস কলোনির বাসিন্দা। এর আগেও মাটিগাড়ার এই বিশ্বাস কলোনির একাধিক ব্যক্তিকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিস। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মালদহ থেকে মাদক এনে শিলিগুড়ির মাটিগাড়ায় তা বিক্রির উদ্দেশ্য ছিল ধৃত যুবকের। মাটিগাড়া থানার পুলিস খবর পেয়ে বুধবার দুপুরে বিশ্বাস কলোনি এলাকার একটি ভাঙাচোরা সামগ্রীর দোকানে অভিযান চালায়। এরপরই ওই যুবককে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৬১ গ্রাম মাদক। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিস। বৃহস্পতিবার  ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। তবে এই ঘটনায় আরও কারা জড়িত, সেটা তদন্ত করছে পুলিস।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি(পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। একাধিক ব্যবসার আড়ালে মাদক কারবার চালানোর অভিযোগ আমরা পেয়ে থাকি। সেই মোতাবেক অভিযান চালানো হয়।
মাটিগাড়ার বিশ্বাস কলোনি, শুটকিহাটি থেকে শুরু করে একাধিক এলাকায় ছোট ছোট কারবারকে সামনে রেখে মাদকের ব্যবসা চালানোর অভিযোগ বারবার উঠছে। ছোট ছোট পরিমাণে মাদক এনে শহরের একাধিক এলাকায় তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 
এমনকি পানের দোকান বা ছোট খাবারের দোকানের আড়ালেও ব্রাউনসুগার, গাঁজা, হিরোইন সহ একাধিক মাদক পাওয়া যায় বলে বারবার অভিযোগ ওঠে। এমনকি একাধিক এলাকার কিছু নির্দিষ্ট জায়গায় রাতে মাদকাসক্তদের একাংশকে বারবার দেখা যায় বলে অভিযোগ উঠেছে। সবমিলিয়ে মাটিগাড়া থানা এলাকার একাধিক প্রান্তে পুলিসের বাড়তি নজরদারি দাবি তুলেছেন সাধারণ মানুষ। তাদের দাবি যে একেবারেই ফেলে দেওয়ার মত নয়, এদিন পুলিসের অভিযানের তা ফের প্রমাণিত হল। কাবারির দোকানে সহজে নজর যাবে না ভেবে ভিন জেলা থেকে নিয়ে আসা মাদক বিক্রির যে চক্র অজয় চালাচ্ছিল, তা একার পক্ষে সম্ভব নয় বলেও মনে করে ওয়াকিবহল মহল। দ্রুত এই চক্রের মূল পান্ডাদের ধরার দাবি উঠেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ