রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিৎ চক্রবর্তী। বাবা, মেয়ের জুটি হিসেবে প্রথমবার বড়পর্দায় আসছেন তাঁরা। সৌজন্যে অর্ণব মিদ্যার পরিচালনায় ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিটি। আজ, বুধবার সে ছবির পোস্টার মুক্তি পেল। এ এক চিরকালীন ভালোবাসার গল্প। যা শুধুমাত্র রোমান্সে আটকে থাকার নয়। বরং ভালোবাসার শিকড় কত গভীরে, তারই গল্প বলবে এই ছবি। রুক্মিণীর কথায়, ‘গল্পটা মন ছুঁয়ে গিয়েছিল। চিত্রনাট্য, সংলাপ নিয়ে আলোচনার পর মনে হল এমন একটা গল্প দর্শককে উপহার দিতে পারব, এটাই আনন্দের।’ পরিচালক জানিয়েছেন, প্রথম থেকেই মুখ্য চরিত্রে রুক্মিণীর কথা মাথায় ছিল তাঁর। ভালোবাসার গল্প যে কোনও সময়ে উপযুক্ত। তাঁদের পরিশ্রমের ফসল দর্শকের ভালো লাগবে বলেই আশা নির্মাতাদের।



