সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার রাতে কাটোয়া-ব্যাণ্ডেল শাখার বেহুলা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হল। মৃতের নাম সুজন সরকার(৪৩)। তাঁর বাড়ি বেহুলা রেলবস্তিতে। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। মৃতের ভাই রঞ্জন সরকার বলেন, দাদা রেল লাইনের ধারে বস্তিতে থাকত। খুব মদ্যপান করত। বৃহস্পতিবার রাতেও মদ্যপান করে। মা রাতের খাবার দিয়ে আসে। শুক্রবার সকালে আমরা খবর পাই, কালনা জিআরপি লাইনের ধার থেকে দাদার মৃতদেহ উদ্ধার করেছে। আমাদের অনুমান, লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ওর মৃত্যু হয়েছে। নাদনঘাটে কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু: অন্যদিকে, নিজের বাড়িতে এক কলেজ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল। বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন তাঁকে ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। মৃতার নাম পায়েল ভৌমিক(১৯)। তাঁর বাড়ি নাদনঘাট থানার দক্ষিণ শ্রীরামপুরে। মৃতার বাবা জয়দেব ভৌমিক বলেন, মেয়ে নবদ্বীপ কলেজে বিএ প্রথম বর্ষে পড়ছিল। বৃহস্পতিবার বাড়িতে কেউ ছিল না। আমি কাজে চলে যাই। মেয়ে বাড়িতে একা ছিল। বিকেল ৪টে নাগাদ আমি বাড়ি ফিরে ডাকাডাকি করি। সারা না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি, মেয়ে ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। আমরা বুঝে উঠতে পারছি না, কী কারণে এমন ঘটল। সমুদ্রগড়ে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার: সমুদ্রগড় স্টেশনের কাছে গোয়ালপাড়া এলাকায় রেল লাইন থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল কালনা জিআরপি। মৃতের নাম ধর্মেন্দ্র সাউ(৫৫)। তাঁর বাড়ি হুগলী জেলার বাঁশবেড়িয়ায়। এলাকাবাসীদের দাবি, ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।



