নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নর্দমা উপচে নিকাশির নোংরা জল বইছে রাস্তার উপর দিয়ে। সেই জলে এসে মিশছে আশপাশের বিভিন্ন কারখানার অ্যাসিড। নোংরা জল মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। আগে বর্ষাকালে এই চিত্র দেখা যেত, এখন সারা বছরই বেহাল নিকাশির সমস্যা মাথাব্যথার কারণ হয়ে উঠেছে হাওড়ার রাজারাম দাস লেনের বাসিন্দাদের। এলাকায় বাড়ছে চর্মরোগ ও মশার উপদ্রব। বাধ্য হয়ে শুক্রবার সকালে বেলিলিয়াস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিকাশির সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে হাওড়া পুরসভা।
Advertisement
হাওড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে রাজারাম দাস লেনের বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় দুই থেকে তিন মাস গোটা এলাকা জলের তলায় থাকে। নিচু বাড়িতে ঢুকে যায় নিকাশির জল। ছিঁটেফোঁটা বৃষ্টি না হলেও চলতি ফেব্রুয়ারি মাসে একই ভোগান্তি সহ্য করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে আশপাশের পাঁচটি পাড়ার জল এসে জমা হয় এই এলাকায়। নোংরা, দুর্গন্ধযুক্ত জলে ভাসছে আবর্জনা। শুধু তাই নয়, এই জলেই এসে মিশছে সংলগ্ন কারখানার বিষাক্ত রাসায়নিক মিশ্রিত জল ও অ্যাসিড। প্রতিদিন ওই নোংরা জল মাড়িয়েই স্কুল-কলেজ, বাজারে যেতে হয় স্থানীয়দের। জমা জলের সমস্যা এতটাই প্রকট যে, দুর্গন্ধে টেকা দায়। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছেন না অভিভাবকরা। শুধু তাই নয়, জমা জলে মশার উপদ্রব বেড়েছে কয়েকগুণ। এলাকার অনেক বাসিন্দাই ভুগছেন চর্মরোগের সমস্যায়।
স্থানীয়দের অভিযোগ, জমা জলের সমস্যার কথা বারবার পুরসভাকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন সকালে বেলিলিয়াস রোড অবরোধ করেন তাঁরা। প্রায় আধঘণ্টা অবরোধ চলার পর ব্যাঁটরা থানার পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর পুরসভার ইঞ্জিনিয়াররা এলাকায় এসে দ্রুত নিকাশির সমস্যার সমাধানের আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দা রাজীব মেহতা বলেন, ‘নোংরা জলে আর থাকা যাচ্ছে না। মশার উপদ্রব এতটাই বেড়েছে যে, প্রতিটি বাড়িতে দিনের বেলায় মশারি টাঙিয়ে রাখতে হচ্ছে। পুরসভা কোনও ব্যবস্থা নিচ্ছে না।’ আরেক বাসিন্দা চন্দ্রিমা মল্লিক বলেন, ‘অনেক বাড়িতে প্রবীণ ও অসুস্থ রোগী রয়েছে। কাউকে হাসপাতালে নিয়ে যেতে হলে এই নোংরা জল পেরিয়েই যেতে হবে।’ হাওড়া পুরসভার তরফে জানানো হয়েছে, দু’দিন আগেই এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখানকার নিকাশির সমস্যার সমাধানের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।