নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার হেরিটেজ সাইট খিদিরপুরের ভূকৈলাশ মন্দির ও রাজবাড়ি সংলগ্ন এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ। এই ঘটনায় এবার পুরসভার ডিজিকে (বিল্ডিং) আচমকা হানা দিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ভূকৈলাশ মন্দির ও রাজবাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল তৃণমূলের এক যুব নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। বৃহস্পতিবার অসন্তোষ ব্যক্ত করে প্রধান বিচারপতি অভিযুক্ত প্রোমোটারের আইনজীবীর উদ্দেশে মন্তব্য করেন, এইসব নির্মাণের অনুমোদন নেই। সংরক্ষিত জায়গায় রাস্তার উপরে নির্মাণগুলি গড়ে তোলা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন দেখাতে না পারলে এগুলি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে। রাজ্যের তরফে এদিন আদালতে রিপোর্ট জমা দিয়ে জানানো হয়, রাজবাড়ির বারান্দায় দুর্গামন্দিরের পাশেই বেআইনি নির্মাণ গড়ে তোলা হয়েছে। রিপোর্ট দেখেই ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তারপরই প্রধান বিচারপতি নির্দেশে জানান, পুরসভার বিল্ডিং বিভাগের ডিজিকে ওই চত্বর সারপ্রাইজ ভিজিট করতে হবে। ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদেরও উপস্থিত থাকতে হবে।



