নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পেমেন্ট অ্যাপ ‘ভিম’-এ একগুচ্ছ নয়া পরিষেবা চালু হল। অনলাইন ও ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত দেশের নিয়ামক সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) জানিয়েছে, ২০১৬ সালে ভিম অ্যাপ চালু হওয়ার পর, এর আগে একবারই সফটওয়্যারে সংস্কারসহ একগুচ্ছ পরিষেবা চালু করা হয়। প্রযুক্তি উন্নত করে এবার ফের একবার এবং আরও পরিষেবা আনা হল। এনপিসিআইয়ের দাবি, এখন থেকে ইন্টারনেট পরিষেবা দুর্বল থাকলেও ভিম অ্যাপ সুষ্ঠুভাবে কাজ করবে এবং পেমেন্টের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। দ্বিতীয়ত, কোনও একটি নির্দিষ্ট পণ্য ও পরিষেবার জন্য যদি একাধিক ব্যক্তি একযোগে পেমেন্ট করেন, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা করে বিল পেমেন্টের সুযোগ থাকবে। উদাহরণস্বরূপ—কোনও ব্যক্তি যদি তাঁর বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে কোনও রেস্তরাঁয় যান এবং সেখানে সবাই বিলের নিজের অংশের টাকা পেমেন্ট করতে চান, তাহলে সেই সুযোগ করে দেবে ভিম অ্যাপ। গ্রাহক চাইলে এই অ্যাপ থেকেই দেখে নিতে পারবেন, ওই বিলের জন্য কে কত টাকা পেমেন্ট করলেন। অর্থাৎ অ্যাপেই একটি বিলের জন্য প্রত্যেকের পেমেন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ পাবে। এতে পেমেন্টের স্বচ্ছতা বজায় থাকবে বলেই দাবি করেছে এনপিসিআই। তৃতীয়ত, যদি কোনও ব্যক্তি ভিম অ্যাপ থেকে হরেকরকমের পেমেন্ট করে থাকেন, তাহলে তিনি কোন খাতে কত টাকা পেমেন্ট করছেন, মাস শেষে তার সংক্ষিপ্তসার দেখতে পাবেন।



