নয়াদিল্লি: ফের গ্যাংস্টারদের নিশানায় বলিউড। কয়েক দিন আগে কানাডায় কপিল শর্মার কাফে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। এবার তাদের লক্ষ্য এলভিস যাদব। রবিবার ভোরে জনপ্রিয় এই ইউটিউবারের গুরুগ্রামের বাড়িতে লাগাতার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এদিনের হামলার ঘটনায় আসছে গ্যাংস্টার হিমাংশু ভাউ এবং নীরজ ফরিদপুরিয়ার নাম। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।
জানা গিয়েছে, এদিন ভোর ৫টা নাগাদ তিন বাইক আরোহী এসে এলভিসের বাড়ি লক্ষ্য করে দু’ডজন মতো গুলি ছুড়ে পালায়। যদিও সে সময় বাড়িতে ছিলেন না বিগ বস ওটিটি-র বিজেতা। কারও জখম হওয়ার ঘটনা না ঘটলেও হামলার কথা জানাজানি হতেই হইচই পড়ে গিয়েছে বলিউডের অন্দরে।
এলভিস যাদবের বাড়িতে হামলার নেপথ্যে বিষ্ণোই গ্যাংয়ের যোগ নিয়ে বলে যখন বিভিন্ন মহলে জোর চর্চা চলছে, তখন সামনে আসে ভাউ গ্যাংয়ের নাম। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করেছে তারা। কারণ হিসেবে এলভিসের বিরুদ্ধে বেআইনি বেটিং অ্যাপের প্রচারের অভিযোগ তুলেছে এই গ্যাং। গত জুলাই মাসে গুরুগ্রামেই গায়ক রাহুল ফাজিলপুরিয়ার গাড়িতে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। সেবারও সামনে আসে ভাউ গ্যাংয়ের লোকজনের নাম।