নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হচ্ছে ১৮তম ভারত সংস্কৃতি উৎসব। এ নিয়ে বুধবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। আগামী ১৮-২২ ডিসেম্বর পূর্ব বর্ধমানের টাউন হল ময়দান, সংস্কৃতি লোকমঞ্চ, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল গ্রাউন্ড এবং হলে এই উৎসব চলবে। ২৩ ও ২৪ ডিসেম্বর হবে অনলাইনে প্রতিযোগিতা। ২৫ ডিসেম্বর রিষড়ায় আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি, ২৬-৩১ ডিসেম্বর বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড এবং হল, বেহালা শরৎ সদন এবং বেহালা উইমেনস কলেজের বিদ্যাসাগর অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে।
চলতি বছর ৮ দেশ ও ২০টি রাজ্য এই সংস্কৃতি উৎসবে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ১৫ জুলাই থেকে নাম নেওয়া চলছে। এটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত হবে। ইতিমধ্যেই পাঁচ হাজার নাম নথিভুক্ত হয়েছে। এটাকে ১০ হাজারে নিয়ে যাওয়াই লক্ষ্য উদ্যোক্তাদের।
উৎসবের আহ্বায়ক দীপক সরকার জানান, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরশাহি, থাইল্যান্ড ও মালয়েশিয়া এই চারটি দেশে আমাদের আন্তর্জাতিক উৎসব ভারত সংস্কৃতি যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরেও ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সুইৎজারল্যান্ডে ভারত সংস্কৃতি যাত্রা হবে। এবছর ভারত সংস্কৃতি উৎসবে কৃতীরা নগদ পুরস্কারসহ বিভিন্ন সম্মান, একবছরের স্কলারশিপ ও বিনামূল্যে বিদেশে অনুষ্ঠানের সুযোগ পাবেন। উদ্যোক্তারা জানান, এবছর আমাদের সংস্থা, ত্রিধারা সম্মিলনি ও ‘বর্তমান’ পত্রিকার উদ্যোগে বর্ষসেরা শাস্ত্রীয় সংগীতের আসরের আয়োজন করা হচ্ছে কলকাতায় নজরুল মঞ্চে। এটি হবে আগামী ২৭, ২৮ এবং ২৯ নভেম্বর। শেষদিন হবে সারারাত্রিব্যাপী অনুষ্ঠান। -নিজস্ব চিত্র