Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বহু নলকূপের বেহাল দশা, সমস্যায় পড়ছেন বাসিন্দারা

বহু নলকূপের বেহাল দশা, সমস্যায় পড়ছেন বাসিন্দারা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে নামখানার ঈশ্বরীপুর দক্ষিণপাড়ার পানীয় জলের বেশিরভাগ নলকূপ। ফলে সমস্যায় এলাকার বাসিন্দারা। দক্ষিণপাড়ায় প্রায় ২৫০টি পরিবার বসবাস করে। এই পরিবারগুলির জন্য ওই এলাকায় মোট সাতটি নলকূপ বসানো হয়েছিল। বর্তমান চারটি নলকূপ খারাপ। বাকি তিনটি নলকূপ থেকে ভালো মতো জল পড়ে না। দীর্ঘ সময় টেপার পর বালতি অথবা কলসি ভর্তি হয়। তিনটির মধ্যে দুটি নলকূপ থেকে আবার শ্যাওলা বের হয়। গ্রামবাসীরা নলকূপের মুখে কাপড় দিয়ে জল নেন। তাঁদের অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
Advertisement
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা মানস গায়েন বলেন, দীর্ঘদিন ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছেন এই গ্রামের বাসিন্দারা। কারণ বেশিরভাগ নলকূপই খারাপ। দীর্ঘ পথ হেঁটে গ্রামের বাসিন্দাদের পানীয় জল বয়ে আনতে হয়। এখনই এই পরিস্থিতি হলে গরমের সময় দুর্ভোগ আরও বাড়বে। শীঘ্রই নলকূপগুলি সারানোর ব্যবস্থা না করা হলে, গরমের সময় তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগবেন এই এলাকার বাসিন্দারা। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস এই বিষয়ে বলেন, এই রকম কোনও অভিযোগ পঞ্চায়েত সমিতিতে জমা পড়েনি। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। যদি নলকূপের সমস্যা থাকে, তাহলে দ্রুত সমাধান করা হবে। পানীয় জল পেতে যাতে কারও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হবে। এছাড়াও খুব শীঘ্রই ওই এলাকাগুলিতে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ