Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো কাস্ট সার্টিফিকেটে মেডিক্যাল কলেজে ভর্তি, দু’বছর পর পর্দাফাঁস

ভুয়ো কাস্ট সার্টিফিকেটে মেডিক্যাল কলেজে ভর্তি, দু’বছর পর পর্দাফাঁস
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা: ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার অভিযোগ উঠল এক পড়ুয়ার বিরুদ্ধে। কিছুদিন ধরেই তা নিয়ে জল্পনা শুরু হয় ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে। অভ্যন্তরীণ তদন্তে জানা যায়, ওই শংসাপত্র নকল। যেহেতু সেটি বসিরহাট মহকুমা অফিস থেকে বানানো হয়েছিল, তাই বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহকুমা শাসক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিসের তরফে জানানো হয়েছে। ঘটনা জানাজানি হতেই বেকায়দায় পড়ে ‘ডাক্তারি পড়তে চাই না’ জানিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ করেছেন গুণধর ছাত্র পরমব্রত রায়।
Advertisement
জানা গিয়েছে, ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পরমব্রত রায়। তাঁর বাড়ির উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুর বিধানসভা এলাকায়। ২০২৩ সালে পরমব্রত ভর্তি হন এই কলেজে। অভিযোগ, জাতিগত শংসাপত্রে পরমব্রতকে তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত বলা হয়েছে। আদপে তা নয়। বিষয়টি নিয়ে জলঘোলা হতেই শুরু হয় তদন্ত। শুধু তাই নয়, এ নিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সরব হয়েছিল। মাসখানেক আগে কলেজ চত্বরেই সমিতির সদস্যরা বিক্ষোভও দেখান। কলেজ কর্তৃপক্ষ জানতে পারে বসিরহাট মহকুমা অফিস থেকেই পরমব্রত ভুয়ো কাস্ট সার্টিফিকেট তৈরি করেছেন। খবর যায় বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে। এরপরেই দপ্তরের পক্ষ থেকে বসিরহাট থানায় পরমব্রতের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অবস্থা বেগতিক বুঝে পড়াশোনা থেকে অব্যাহতি চেয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন হবু-ডাক্তার। এনিয়ে কলেজের অধ্যক্ষ উৎপল দাঁ বলেন, ছাত্রের সমস্ত কাগজপত্র আমরা দপ্তরে পাঠিয়েছি। সেখান থেকে যেমন নির্দেশ আসবে, সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে। বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, মহকুমা শাসকের দপ্তর থেকে একটি অভিযোগ হয়েছে। মূলত, জাল এসটি সার্টিফিকেট তৈরি করে পরমব্রত ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজে ভর্তি হন। কীভাবে সে বসিরহাট থেকে এই সার্টিফিকেট তৈরি করল তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত পরমব্রতের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, রাজ্য স্বাস্থ্যদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ